২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের বার্ষিক কর্মমূল্যায়ন এ বছর থেকেই

শিক্ষাদানের মান বাড়াতে সরকার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বার্ষিক কর্মমূল্যায়নের উদ্যোগ নিয়েছে। চলতি বছর থেকেই এ মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক আদেশে জানায়, ২০০৮ সালের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মমূল্যায়নের বিষয়টি চালু করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষাদানের মান বাড়াতে সরকার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বার্ষিক কর্মমূল্যায়নের উদ্যোগ নিয়েছে। চলতি বছর থেকেই এ মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক আদেশে জানায়, ২০০৮ সালের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মমূল্যায়নের বিষয়টি চালু করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মাধ্যমিক) নজরুল ইসলাম খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাৎসরিক ভিত্তিতে বেসরকারি শিক্ষকদের কর্মমূল্যায়নের এই ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা আনবে, শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিত করবে এবং শিক্ষার গুণগত মানে অনুকূল পরিবর্তন আনবে।" তিনি জানান, পদোন্নতি, বেতন স্কেল পরিবর্তন, প্রশিক্ষণ ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদানের ক্ষেত্রে শিক্ষকদের এই কর্মমূল্যায়ন বিবেচনায় আসবে। মন্ত্রণালয়ের আদেশে আরো বলা হয়েছে, প্রধান শিক্ষকের বেলায় মূল্যায়নকারী হবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। মূল্যায়নপত্রে প্রতিস্বাক্ষর করবেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। সহকারী প্রধান শিক্ষকের মূল্যায়নকারী হবেন প্রধান শিক্ষক এবং প্রতিস্বাক্ষর করবেন পরিচালনা কমিটির সভাপতি। আর সহকারি শিক্ষকদের মূল্যায়নকারী হবেন সহকারী প্রধান শিক্ষক, প্রতিস্বাক্ষর করবেন প্রধান শিক্ষক। প্রতিবেদন লেখার সময় মূল্যায়নকারীকে যথাসম্ভব বস্তুনিষ্ঠ হতে এবং সরাসরি মন্তব্য, অতিরঞ্জন বা স্থুল অবমূল্যায়ন পরিহার করতে বলা হয়েছে ওই আদেশে। প্রতিস্বাক্ষরকারী মূল্যায়নকারী শিক্ষকের মন্তব্য মূল্যায়ন করবেন এবং ব্যক্তিগত ধারণার আলোকে নিজস্ব মন্তব্য লিপিবদ্ধ করবেন। মূল্যায়নকারীর মন্তব্য সঠিক মনে না হলে প্রতি স্বাক্ষরকারীকে তার নিজস্ব মন্তব্য আলাদাভাবে লিখতে হবে। প্রতিস্বাক্ষর করার পর প্রতিবেদনের এক কপি সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠাতে হবে। আরেকটি কপি প্রধান শিক্ষকের দপ্তরে জমা থাকবে। শিক্ষকদের কর্মমূল্যায়নের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে বলা হয়েছে, "বিগত বছরগুলোতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের সংখ্যা আশাতীত বৃদ্ধি পেলেও শিক্ষার গুণগত মানে উল্লেখযোগ্য উন্নতি ঘটেনি। সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষকদের বাৎসরিক কর্মমূল্যায়নের উদ্যোগ নেয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/জিএনএ/২০৩৭ ঘ.