২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার থেকে শুরু এইচএসসি পরীক্ষা, সব প্রস্তুতি চূড়ান্ত

সারাদেশে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এর সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, পরীক্ষার সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। উপদেষ্টা আশা করছেন, এবার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2008, 11:01 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এর সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, পরীক্ষার সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। উপদেষ্টা আশা করছেন, এবার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা যাবে। চলতি বছর সাতটি শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা ও কারিগরী বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ২০ হাজার ২০ জন। এই সংখ্যা গত বছরের চেয়ে ১৪ দশমিক ৫৭ শতাংশ বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫৫ দশমিক ৪৩ ভাগ এবং ছাত্রী ৪৪ দশমিক ৫৭ ভাগ। সারাদেশে এবার মোট কেন্দ্র সংখ্যা ১৮০০। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক প্রস্তুতির বিষয় তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানও এতে উপস্থিত ছিলেন। উপদেষ্টা জানান, এইচএসসি ও সমমানের পরীক্ষায় নয়টি বোর্ডে এবার পরীক্ষার্থীর সংখ্যা মোট ৬ লাখ ২০ হাজার ২০ জন। সাধারণ সাতটি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ২ হাজার ৭৯৬ জন। এছাড়া মাদ্রাসা বোর্ডের আলীম পরীক্ষার্থীর সংখ্যা ৬২ হাজার ৫০৫ জন। কারিগরী বোর্ডের অধীনে এইচএসসি (বিএম-বিজনেস ম্যানেজমেন্ট) পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ৭১৯ জন। হোসেন জিল্লুর বলেন, "আশা করছি, শান্তিপুর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা গ্রহণের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে।" পরীক্ষার সময় বিদ্যুৎ সরবরাহ যেন স্বাভাবিক থাকে, সে জন্য বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, নয়টি বোর্ডে এবার পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে ৭৮ হাজার ৮৪২ জন বেড়েছে। ২০০৭ সালে এ সংখ্যা ছিল ৫ লাখ ৪১ হাজার ১৭৮ জন। শিক্ষা উপদেষ্টা জানান, শতকরা হিসেবে মোট পরীক্ষার্থী বৃদ্ধির হার শতকরা ১৪ দশমিক ৫৭ ভাগ। এর মধ্যে সাধারণ সাতটি বোর্ডে বৃদ্ধির হার ১৪ দশমিক ৫২, মাদ্রাসা বোর্ডে ১৯ দশমিক ২৪ এবং কারিগরী বোর্ডে ১০ দশমিক ১০ ভাগ। সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছর এইচএসসিতে সাতটি শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৫১ হাজার ২৪৭ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৬ হাজার ৭৪৫ জন, কুমিল্লা বোর্ডে ৫০ হাজার ৭১৯ জন, যশোরে ৭০ হাজার ৮০৯ জন, চট্টগ্রামে ৪১ হাজার ৫১৫ জন, বরিশালে ৩২ হাজার ১৬৪ জন এবং সিলেট বোর্ডে ১৯ হাজার ৫৯৭ জন। এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ২১৪ জন এবং ছাত্রী ২ লাখ ৩৩ হাজার ৫৮২ জন। আলীমে ছাত্র সংখ্যা ৩৯ হাজার ৭৬১ জন এবং ছাত্রী সংখ্যা ২২ হাজার ৭৪৪ জন। এইচএসসি (বিএম) এ ছাত্র সংখ্যা ৩৪ হাজার ৭১০ জন এবং ছাত্রী ২০ হাজার ৯ জন। উপদেষ্টা জানান, এবার নয়টি বোর্ডে তিন পরীক্ষায় মোট কেন্দ্র সংখ্যা ১৮০০। এর মধ্যে এইচএসসির কেন্দ্র সংখ্যা ১ হাজার ২৪টি, আলীমের কেন্দ্র সংখ্যা ৩৪৮টি এবং এইচএসসি বিএম পরীক্ষায় কেন্দ্র সংখ্যা ৪২৮টি। মোট সাত হাজার ১২০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার পরীক্ষায় অংশ নিচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। এরমধ্যে এইচএসসিতে প্রতিষ্ঠানের সংখ্যা ৩ হাজার ১৯৬টি, আলীমে ২ হাজার ৬৫৯টি এবং এইচএসসি বিএম-এ ১ হাজার ২৬৫টি। সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আশরাফুল মকবুল, অতিরিক্ত সচিব মোজাম্মেল হক খান, যুগ্ম সচিব মোহাম্মদ শফিউল্লাহ, নজরুল ইসলাম খান, হুমায়ুন খালিদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক কেএম আওরঙ্গজেব, জাতীয় পাঠ্যক্রম বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান ড. মছিরউদ্দিনসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাইম আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/আরএ/এমআই/১৬৪৫ ঘ.