২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সমাজ কল্যাণ ইন্সটিটিউটের স্নাতকোত্তর ক্লাশ শুরু সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের স্নাতকোত্তর শ্রেণীর ক্লাশ শুরু নিয়ে অচলাবস্থার অবসান হয়েছে। উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে শিক্ষকরা সোমবার থেকে ক্লাশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের স্নাতকোত্তর শ্রেণীর ক্লাশ শুরু নিয়ে অচলাবস্থার অবসান হয়েছে। উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে শিক্ষকরা সোমবার থেকে ক্লাশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সঙ্গে এ বিষয়ে বৈঠকের পর ইনস্টিটিউটের শিক্ষকরা ক্লাশ শুরুর সিদ্ধান্তের কথা জানান। ইন্সটিটিউটের অধ্যাপক ড. মুহম্মদ সামাদ বলেন, "উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে আমরা সোমবার থেকে ক্লাশ শুরুর সিদ্ধান্ত নিয়েছি।" শিক্ষকরা জানান, উপাচার্য দু'দিনের মধ্যে তাদের দাবি অর্থাৎ পরিচালকের পদত্যাগপত্র গ্রহণ করে নতুন পরিচালক নিয়োগ দেবেন। স্নাতক (সম্মান) পরীক্ষার ফল প্রকাশের পর দুই মাস পেরিয়ে গেলেও স্নাতকোত্তর শ্রেণীর ক্লাশ শুরু না হওয়ায় গত শনিবার বিক্ষোভ করে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা এসময় শিক্ষকদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ রাখে। শিক্ষার্থীরা জানায়, ২০০২-০৩ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষা শেষ হয়েছে প্রায় ১১ মাস আগে। গত ৯ মার্চ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/জেকে/২১০০ ঘ.