২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপসারিত

দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ করেছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 09:52 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ করেছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রপতির আদেশে এ তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ করা হয়েছে বলে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা তিনটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব মো. রইচ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ জনস্বার্থে এ তিন উপাচার্যকে তাদের পদ থেকে অপসারণের আদেশ দিয়েছেন। অপসারিত উপাচার্যরা হলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোশাররফ হোসেন মিয়া, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল খায়ের এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ মাসুম। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আখতার হোসন সাময়িকভাবে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করবেন। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি বিভাগের অধ্যাপক সঞ্জয় কুমার অধিকারীকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন মো. হারুনুর রশিদকে সাময়িকভাবে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত ১৫ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলতাফ হোসেনকে অপসারণ করে সরকার। এ নিয়ে গত পাঁচ দিনে চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ করা হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এফএফ/এমআই/১৫৫২ ঘ.