ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের লোডশেডিং এর কথা বলে অতিরিক্ত সময় দাবিকে কেন্দ্র করে শনিবার চাঁদপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে শিক্ষকদের সঙ্গে বিতণ্ডা ও ভাংচুরের ঘটনায় পুলিশ লাঠিচার্জ ও চার পরীক্ষার্থীকে আটক করেছে।
কুড়িগ্রামে দুজন ও পাবনায় পাঁচজন ভূয়া ডিগ্রি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর সরকারি মহিল কলেজ কেন্দ্রের ইংরেজী আবশ্যিক বিষয়ের পরীক্ষার চলাকালে বিদ্যুতের লোডশেডিংয়ের কথা বলে অতিরিক্ত সময় দাবি করে পরীক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়। এর জের ধরে পরীক্ষার্থীরা কেন্দ্রের দরজা জানলা ও অন্যান্য আসবাব ভাংচুর করে।
এ ঘটনায় পুলিশ কুমিল্লার লাকসাম উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মো. শেখ সাদী (২৮), চাঁদপুর শহরের আদালত পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে শামসুদ্দিন আহমেদ (২১), একই এলাকার কাদের মিজির ছেলে মাহবুবুল হাসান ইমু (২৪) ও মতলব দক্ষিণ উপজেলার কলাদী এলাকার আলী আশরাফের ছেলে মেহেদী হাসানকে (২৩) আটক করে। এরা সবাই চাঁদপুর সরকারি কলেজের ছাত্র।
পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষা চলাকালে বেলা ১১টার দিকে আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এর ফলে পরীক্ষা দিতে যেয়ে তাদেরকে সমস্যায় পড়তে হয়। দুপুর একটায় পরীক্ষার সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষকরা খাতা নিতে গেলে তারা সময় বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু শিক্ষকরা কোনো কথা না শুনে পরীক্ষার্থীদের খাতা নেওয়া শুরু করে। এতে পরীক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে খাতা না দিয়ে আসবাবপত্র ও জানালা ভাংচুর করে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানা থেকে পুলিশ এসে বিক্ষুব্ধ পরীক্ষার্থীদেরকে বেধড়ক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরে আলম নিজামী ও এনডিসি মো. মোমিনুর রশিদ উপস্থিত ছিলেন।
চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে জানান, পরীক্ষার্থীদেরকে নকলের কোনো সুযোগ না দেওয়ায় তারা ওই ভাংচুরের ঘটনা ঘটায়। যখন বিদ্যুৎ ছিল না তখন তাদেরকে মোমবাতি জ্বালিয়ে আলোর ব্যবস্থা করে দেওয়া হয়। এরপরও পরীক্ষার নির্ধারিত সময় শেষ হওয়ার পরে তাদেরকে আরও ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মনির আহমদ বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে বলেন, কলেজে সংঘর্ষের ঘটনায় পুলিশ চার পরীক্ষার্থীকে আটক করেছে। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনার পরিপ্রেক্ষিতে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আটককৃত ছাত্ররা বলেন, তাদের উদ্দেশ্যমূলকভাবে আটক করা হয়েছে। কলেজে সংঘর্ষের ঘটনায় জড়িত ছিলেন বলে তার দাবি করেন।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, রাজারহাট কলেজে ইংরেজী পরীক্ষা চলাকালে পরীক্ষা কমিটির সদস্য প্রভাষক সাবেদুর রহমান মণ্ডল পরীক্ষার্থীদের ছবি মেলাতে গিয়ে দুইজন ভূয়া পরীক্ষার্থী সনাক্ত করেন। তাদের আটক করে রাজারহাট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
দুই ভূয়া পরিক্ষার্থী হলেন- ফুলবাড়ী উপজেলার বড়ভিটা গ্রামের হুমায়ুন কবীরের ছেলে শাহিন মিয়া ও লালমনিরহাট সদরের রামকৃষ্ণ রথ গ্রামের নুরুল ইসলামের ছেলে রাসেল রহমান।
এ ব্যাপারে রাজারহাট থানায় একটি মামলা হয়েছে।
পাবনা প্রতিনিধি জানান, সরকারি শহীদ বুলবুল কলেজ থেকে পাঁচ ভুয়া ডিগ্রি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা টাকার বিনিময়ে বদলি হিসেবে পরীক্ষা দিচ্ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনার যুগীপাড়া এলাকার রফিকুল ইসলাম (২০), পৈলানপুর এলাকার জিয়াউর রহমান রমজান (২১), নজরুল ইসলাম (২২), পাংশার জাহাঙ্গীর হোসেন (২১) ও সিরাজগঞ্জের সজল (২১)।
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল শফী জানান, এ ব্যাপারে থানায় পৃথক প্রতারণা মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২২০৬ ঘ.
bdnews24