খুলনা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদের ওপর শ্রমিকের হামলা এবং ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় হাজার ছাত্রের বিরুদ্ধে পৃথক চারটি মামলা হয়েছে। এছাড়া দুইজন পরিবহন শ্রমিকের বিরুদ্ধে হয়েছে একটি মামলা।
শুক্রবার রাত ও শনিবার নগরীর সোনাডাঙ্গা ও বটিয়াঘাটা থানায় মামলাগুলো হয়েছে।
এদিকে কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার বিকেলের মধ্যে সকল আবাসিক ছাত্র হল ছেড়ে যাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।
শনিবার নগরীর সোনাডাঙ্গা থানায় অজ্ঞাত ২০০/৩০০ ছাত্রের বিরুদ্ধে একটি মামলা করেছেন বাগেরহাট সরকারি পিসি কলেজের পরিবহন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম ফকির।
এ ব্যাপারে নজরুল ইসলাম ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাগেরহাট পিসি কলেজের একটি বাস সোনাডাঙ্গা বাস টার্মিনালের একটি গেরেজে মেরামতের জন্য রাখা ছিল। বৃহস্পতিবার রাতে ছাত্ররা বাাসটি ভাংচূর করে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, শুক্রবার রাতে খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোহাম্মদ নুরুল ইসলাম বেবী একটি মামলা করেছেন। এ মামালায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোন্তাজ, মমি, জাভেদ ও ইভানের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪/৫ শ' ছাত্রকে আসামি করা হয়েছে।
তাদের বিরুদ্ধে গাড়িতে অগ্নি সংযোগ, ভাংচুর, মারধর ও টাকা পয়সা লুটের অভিযোগ আনা হয়েছে।
একই থানায় আরেকটি মামলা করেন গল্লামারী পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক আবু সাইদ। এ মামলায় বিশ্ববিদ্যালয়ের ২/৩শ' ছাত্রকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে গল্লামারী পুলিশ বক্সে হামলা, সরকারি কাজে বাধা দান, হোটেল রেষ্টুরেন্ট ভাংচুর ও ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।
ছাত্রদের বিরুদ্ধে তৃতীয় মামলাটি হয়েছে বটিয়াঘাটা থানায়। মামলাটি করেছেন থানার উপ-পরিদর্শক আবু মালেক।
আবু মালেক জানান, বিশ্ববিদ্যালয়ের ১৫০ থেকে ২০০ ছাত্রকে আসামি করে একটি মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা হাঙ্গামা, সড়ক অবরোধ, সরকারি কাজে বাধা দান, আহত করা, গাড়ি ভাংচুর, অগ্নি সংযোগ ও চুরির অভিযোগ আনা হয়েছে।
এছাড়া দুজন শ্রমিককে আসামি করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নজরুল ইসলাম একটি মামলা করেছেন সোনাডাঙ্গা থানায়।
আসামিরা হলেন- পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব ও হানিফ পরিবহনের একজন সুপার ভাইজার। তার নাম জানা যায়নি। তাদের বিরুদ্ধে ছাত্রদের মারধর করার অভিযোগ আনা হয়েছে।
এদিকে, শনিবার সকাল থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাস চলাচল শুরু হয়েছে।
খুলনা বিভাগীয় বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. মোজাম্মেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার থেকে সকল রুটে বাস চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাতে সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে আসা চারজন ছাত্রকে হানিফ পরিবহনের শ্রমিকরা মারধর করে। এ ঘটনায় শুক্রবার ছাত্ররা খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ, গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ এবং ছাত্র-পুলিশ সংঘর্ষে পুলিশসহ শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24