ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সরকারি প্রতিষ্ঠান থেকে বিএড (ব্যচেলর অফ এডুকেশন) সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আগে বেসরকারি প্রতিষ্ঠান থেকেও এ সনদ নেওয়া যেত।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রে এই সিদ্ধান্ত জানানো হয়।
এতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনেক শিক্ষকের বিএড সনদ নেই। শিক্ষার মান উন্নয়নের জন্য এ সনদ গ্রহণ প্রয়োজন। এজন্য শিক্ষকদের সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড সনদ নেওয়া বাধ্যতামূলক করা হলো।
পরিপত্রে সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোর মান উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, এখন থেকে টিচার্স ট্রেনিং কলেজের কোনো শিক্ষক যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে পারবেন না। অনুমতি ছাড়া কেউ এ ধরনের কাজ করলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিএড প্রশিক্ষণের জন্য মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনুমতি বা ছুটি দেওয়ার সময় তাদেরকে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে প্রশিক্ষণ নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয় পরিপত্রে।
দেশের বিভিন্ন অঞ্চলে এখন ১৪টি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে। সেগুলোতে বিএড কোর্সে আসন সংখ্যা সাত হাজার ২১৫টি হলেও চলতি শিক্ষাবর্ষে (২০০৭-০৮) ভর্তি হয়েছে মাত্র এক হাজার ৬৫৮ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/এমএইচবি/২০১০ ঘ.
bdnews24