২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি - মনোবিজ্ঞান ছাত্রী নিপীড়ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেছে প্রগতিশীল ছাত্রজোট। এছাড়াও যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন এবং অভিযোগ সেল গঠনের দাবি জানায় তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 07:21 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করেছে প্রগতিশীল ছাত্রজোট। এছাড়াও যৌন নিপীড়নবিরোধী নীতিমালা প্রণয়ন এবং অভিযোগ সেল গঠনের দাবি জানায় তারা। সোমবার উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজের সাথে দেখা করে প্রগতিশীল ছাত্র জোটের নেতৃবৃন্দ এ দাবি করে। এ সময় ইসলামী ছাত্র সংগঠন হিযবুত তাহরীরের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ' এর ব্যানারে এবং 'আলোকিত ছাত্রী ফোরাম' নামে একই সংগঠনের ছাত্রী ফোরাম উপাচার্যের সাথে দেখা করতে যায়। এ সময় তারা উপাচার্যকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে তাকে বরখাস্তের দাবি জানায়। তারা উপাচার্যকে এ ব্যাপারে পৃথক পৃথক স্মারকলিপি দেয়। প্রগতিশীল ছাত্র জোটের শিক্ষার্থীরা এ সময় তাদের পরিচয় জানতে চাইলে তাদের সাথে কথা কাটাকাটি হয়। পরে প্রক্টর অধ্যাপক আ কা ফিরোজ আহমেদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে প্রগতিশীল ছাত্রজোটের নেতৃবৃন্দ দাবি আদায়ের নামে যাতে কোন মৌলবাদী ছাত্র সংগঠন ক্যাম্পাসে সক্রিয় হতে না পারে সে ব্যাপারে উপাচার্যের কাছে আবেদন জানায়। উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, 'শিক্ষার্থীরা ঢাবি'র ছাত্র-ছাত্রীদের ব্যানারে আমার সাথে দেখা করেছে। আমি তাদের দাবি শুনেছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, ওই ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে বিভাগের একাডেমিক কমিটি এরই মধ্যে অভিযুক্ত শিক্ষককে সকল পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে। উপাচার্য জানান, বিভাগের সিদ্ধান্তগুলোর লিখিত কপি পেলেই মঙ্গলবার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী সিন্ডিকেটে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এ অভিযোগের কথা অস্বীকার করে বলেন, বিভাগে তার সুনাম ক্ষুন্ন করার জন্য এ ধরণের হীন কথা নিয়ে প্রচারণা চালানো হচ্ছে। এটি সম্পূর্ন একটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে বলে আমার মনে হয়। মনোবিজ্ঞান বিভাগের নীল দলের (আওয়ামীপন্থী) সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের বিরুদ্ধে চতুর্থ বর্ষের এক ছাত্রীকে লাঞ্চনার অভিযোগ ওঠে। ওই ছাত্রী এবং তার বাবা এ ব্যাপারে অভিযোগ করে উপাচার্যের কাছে ২৩ এপ্রিল একটি দরখাস্ত দিয়েছে। কিন্তু, এ ব্যাপারে উপাচার্য কোন পদক্ষেপ না নিয়েই ছুটিতে চলে যান। এ অভিযোগের প্রেক্ষিতে ছুটি থেকে কাজে যোগদান করে সোমবার উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, মনোবিজ্ঞান বিভাগের ওই চিঠি তিনি সোমবারই কাজে যোগদান করে পেয়েছেন। তিনি জানান, ২৩ এপ্রিল বিভাগ থেকেই এ চিঠি পাঠানো হয়েছে। ওই ছাত্রী বা তার বাবা আসেননি। উল্লেখ্য, বিভাগীয় সূত্রে জানা গেছে, এর আগে ১৯৯৯ সালে ও ওই শিক্ষককে একই অভিযোগে অভিযুক্ত করে একজন ছাত্রী। কিন্তু, রাজনৈতিক কারণে তিনি তখন কোন শাস্তি পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ