২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১০ এর এসএসসিতে দুই বিষয়ে কাঠামোবদ্ধ প্রশ্নপদ্ধতির সুপারিশ

সব বিষয়ে কাঠামোবদ্ধ প্রশ্নপত্রের পরিবর্তে ২০১০ সালের এসএসসি পরীক্ষায় কেবল বাংলা প্রথম পত্র ও ধর্ম শিক্ষা বিষয়ে এ পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটি। কাঠামোবদ্ধ প্রশ্নপদ্ধতির নাম পাল্টে 'সৃজনশীল প্রশ্নপদ্ধতি' করারও প্রস্তাব করেছে কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2008, 12:04 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব বিষয়ে কাঠামোবদ্ধ প্রশ্নপত্রের পরিবর্তে ২০১০ সালের এসএসসি পরীক্ষায় কেবল বাংলা প্রথম পত্র ও ধর্ম শিক্ষা বিষয়ে এ পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটি। কাঠামোবদ্ধ প্রশ্নপদ্ধতির নাম পাল্টে 'সৃজনশীল প্রশ্নপদ্ধতি' করারও প্রস্তাব করেছে কমিটি। বৃহস্পতিবার দুপুরে কমিটি তাদের সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেয়। শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, এটি বাস্তবায়নের জন্য রোববারই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কমিটির সদস্য অধ্যাপক মনিরুজ্জামান মিয়া বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বলেন, ২০১০ সালের এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র ও ধর্ম শিক্ষা বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে এবং বাকি বিষয়গুলো সনাতন পদ্ধতিতেই নেওয়ার জন্য তারা সুপারিশ করেছেন। আগের সিদ্ধান্ত অনুযায়ী ২০১০ সালের এসএসসির তিনটি শাখার ২৩টি বিষয়ে কাঠামোবদ্ধ প্রশ্নপদ্ধতিতে পরীক্ষা হওয়ার কথা ছিল। এ নিয়ে বিতর্ক দেখা দেয়ায় গত ১৮ এপ্রিল সাত সদস্যের সুপরিশ প্রণয়ন কমিটি করা হয়। কমিটি তার সুপারিশে বলেছে ২০১০ সালের এসএসসিতে দুটি বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু করা হলেও পরের বছর থেকে পূর্ণাঙ্গভাবে এটি অনুসরণ করা যেতে পারে। ২০০৯ সাল থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতেও একই পদ্ধতি চালুর সুপারিশ করা হয়েছে। এছাড়া ২০১২ সাল থেকে এইচএসসিতেও একই পদ্ধতি অনুসরণের পরামর্শ দিয়েছে কমিটি। সুপরিশ প্রণয়ন কমিটির মত, সমতার প্রয়োজনে এএসএসসির সমপর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি ২০১১ সাল থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ব্যবস্থায় সৃজনশীল প্রশ্নপদ্ধতি চালু করা যেতে পারে। সংবাদ সম্মেলনে সদস্য অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, "ব্যক্তিগতভাবে আমার বিশ্বাস সৃজনশীল পদ্ধতি ইতিবাচক দিক দিয়ে যুগান্তকারী ফল বয়ে আনবে। এজন্যই আমরা সীমিত আকারে হলেও এ পদ্ধাত চালুর কথা বলছে।" আরেক সদস্য আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, "কাঠামোবদ্ধ প্রশ্ন পদ্ধতি নামকরণের মধ্যে একটি আবদ্ধ ভাব আছে। কিন্তু সৃজনশীল নামের মধ্যে আশা আছে। এ পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে বলবে আশা করছি।" সৃজনশীল প্রশ্নপদ্ধতির বিষয়ে রেডিও ও টেলিভিশনে প্রচারণা জোরদারের পরামর্শ দিয়েছে কমিটি। এছাড়া, আকর্ষণীয় পাঠ্যবই প্রকাশ, উন্নতমানের বই প্রকাশের জন্য ভর্তুকি বাড়ানো বা বিনামূলে বই সরবরাহের প্রস্তাবও দেওয়া হয়েছে। কমিটি বলেছে, প্রশ্নপত্র প্রণয়ন ও গবেষণার জন্য এনসিটিবি'র শিক্ষাক্রম শাখা ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা মূল্যায়ন ইউনিটের যৌথ উদ্যোগে একটি সেল করা যেতে পারে। এই সেল প্রশ্নপত্র প্রণয়ন ও যাচাই-বাছাই করে একটি প্রশ্নব্যাংক তৈরি করবে। বৃহস্পতিবার কমিটির দ্বিতীয় বৈঠকে সুপারিশ চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। বৈঠকে অধ্যাপক মনিরুজ্জামান মিয়া, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ছাড়াও কমিটির আরো দুই সদস্য খন্দকার মোহম্মদ শাখাওয়াত আলী ও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নজরুল ইসলাম খান উপস্থিতি ছিলেন। শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানও কিছু সময়ের জন্য বৈঠকে ছিলেন। বৈঠকে অনুপস্থিত কমিটির আরো দুই সদস্য হলেন ড. মুহম্মদ ইব্রাহিম ও ড. মনজুর আহমেদ। সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নপত্রকে দুই ভাগে ভাগ করে করা হবে। এসএসসি পরীক্ষার জন্য যে ধরনের প্রশ্নপত্রের প্রস্তাব করা হয়েছে তাতে সৃজনশীল প্রশ্নের জন্য ৬০ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নে থাকবে বাকি ৪০ নম্বর। এই পদ্ধতিতে ৬০ নম্বরের মধ্যে নয়টি প্রশ্ন থেকে ছয়টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হবে ১০। প্রতিটি প্রশ্নে আবার 'জ্ঞান, অনুধাবন, প্রায়োগিক ও উচ্চতর দক্ষতা'- এই চারটি স্তর থাকবে। এসব স্তরের প্রশ্নের মাধ্যমে বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীর ধারণা, প্রায়োগিক দক্ষতা ও সৃজনশীলতা পরীক্ষার সুযোগ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/কিউএইচ/এসএনডি/জিএনএ/১৭৫০ ঘ.