২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা নিয়ে ঢাবি সিন্ডিকেটের উদ্বেগ

এক শিক্ষার্থী ও দুই সংবাদকর্মীর ওপর ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য সোমবার বিকেলে সিন্ডিকেটের এই জরুরি সভা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 03:48 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক শিক্ষার্থী ও দুই সংবাদকর্মীর ওপর ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য সোমবার বিকেলে সিন্ডিকেটের এই জরুরি সভা হয়। বৈঠক শেষে সিন্ডিকেট সদস্য অধ্যাপক সদরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হলগুলোতে যাতে বহিরাগতরা আবস্থান করতে না পারে সেজন্য বৈঠকে কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।" উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ এ সভায় সভাপতিত্ব করেন। এদিকে শনিবার রাতে প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আনু আনোয়ারের উপর হামলার ঘটনায় কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষক আব্দুল কাদেরকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হল প্রভোস্ট অধ্যাপক আকতারুজ্জামান জানান, তদন্ত কমিটিকে দু'দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীদের বর্তমান কমিটির অনুসারীদের সঙ্গে কমিটির বিদ্রোহী অংশের মধ্যে সংঘর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী ও ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় কমিটির যুগ্ম সম্পাদক সীমা ইসলাম এবং দিনকালের প্রতিবেদক জাহিদুর রহমান আরমান আহত হন। এছাড়া গত শনিবার রাতে প্রথম আলোর প্রতিবেদক আনু আনোয়ার ছাত্রলীগ কর্মীদের হামলার শিকার হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/টিএইচ/জেকে/এমএইচবি/২১৪১ ঘ.