ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তিসহ চার দফা দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগের চলমান গণস্বাক্ষরতা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকরা।
শনিবার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলামসহ কয়েকজন নেতা-কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির লাউঞ্জে গিয়ে দাবিনামায় শিক্ষকদের স্বাক্ষর সংগ্রহ করেন।
স্বাক্ষরদাতা শিক্ষকদের মধ্যে রয়েছেন- অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক হারুন অর রশীদ, অধ্যাপক আক্তারুজ্জামান, অধ্যাপক অহিদুজ্জামান, অধ্যাপক মুহাম্মদ সামাদ, অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান প্রমুখ।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, "শেখ হাসিনার মুক্তি ও সুচিকিৎসা, অবিলম্বে জরুরি অবস্থা তুলে নিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা, যুদ্ধাপরাধীদের বিচার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে গত ৫ এপ্রিল থেকে মহানগর আওয়ামী লীগ এ কর্মসূচি পালন করছে। সংগৃহীত স্বাক্ষরের অনুলিপি এ মাসের ২০ তারিখ নাগাদ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে।"
স্বাক্ষরকারী শিক্ষক অধ্যাপক হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুক্তিযুদ্ধের পক্ষের শিক্ষকরা শেখ হাসিনার মুক্তিসহ অন্যান্য দাবিতে এ স্বাক্ষরতা কর্মসূচিতে অংশ নিয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেএফ/জেকে/এমএইচবি/২২৩৪ ঘ.
bdnews24