মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ০৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার থেকে বেতন-ভাতা পাওয়া (এমপিওভুক্ত) বেসরকারি স্কুল-কলেজগুলো শিক্ষার্থী ভর্তির সময় সবধরনের ফি মিলিয়ে পাঁচ হাজার টাকার বেশি নিতে পারবে না। সরকার এই সীমা নির্ধারণ করে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিকে চলতি মাসের ৩০ তারিখের মধ্যে বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়কে জানাতে বলেছে।
কোন প্রতিষ্ঠান ভর্তির সঙ্গে উন্নয়ন ফি, সেশন ফি ও অন্য খাতের নামে অর্থ নিলেও সাকল্যে তা পাঁচ হাজার ছাড়াতে পারবে না।
ফি পুনর্নির্ধারণ সংক্রান্ত নির্দেশনাটি গত ১ এপ্রিল জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নিতে কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জেলা প্রশাসকদের কাছে এর অনুুলিপি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, অভিভাবকদের অভিযোগ থেকে জানা গেছে, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ভর্তি ফি নিচ্ছে।
রাজধানীর বেশিরভাগ স্কুল-কলেজেই এভাবে বেশি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে দেখা যায়, ভিকারুননিসা নূন স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য বিভিন্ন খাতে মোট ২৩ হাজার ৬৪০ টাকা করে নেওয়া হচ্ছে। অন্যদিকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি মাধ্যমে ভর্তির সময় কেবল উন্নয়ন ফি বাবদই দিতে হচ্ছে ১৫ হাজার টাকা।
বাণিজ্যিক ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কখনই পরিচালিত হতে পারে না
bdnews24