আল আমীন দেওয়ান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চবি প্রতিনিধি
চট্টগ্রাম, এপ্রিল ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রার্থী মো. আশরাফুজ্জামানের কাছ থেকে জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করার হলফনামা আদায় ও দামি মোবাইল সেট নেওয়ার মতো অনিয়মের প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি।
হলফনামা গ্রহণের সঙ্গে বিভাগের সহকারী অধ্যাপক আশিকুর রহমান জড়িত ছিলেন। নগরীর একটি রেস্তোরাঁয় সেটি গ্রহণের সময় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমেদ ফজলে হাসান চৌধুরী উপস্থিত ছিলেন বলে উল্লেখ রয়েছে তদন্ত কমিটির প্রতিবেদনে।
আট মাসের তদন্তে আটজনের বক্তব্য গ্রহণ শেষে বৃহস্পতিবার কমিটি তাদের প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় উপস্থাপন করে। সিন্ডিকেট পরবর্তী সভায় এ বিষয়ে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী।
তিনি বলেন, "কয়েক শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য। পরবর্তী সিন্ডিকেটে এ বিষয়ে বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।"
গত বছরের ১৯ মার্চ কয়েকটি পত্রিকায় নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক নিয়োগের আশরাফুজ্জামানের কাছ থেকে জামায়াতপন্থী শিক্ষকদের জোর করে হলফনামা গ্রহণের খবর প্রকাশিত হয়।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দিনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করে। গত বছরের ২৮ জুলাই গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন- জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আল ফোরকান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক মো. রেজাউল করিম এবং বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সিনিয়র প্লান্টেশন কর্মকর্তা মো. কামাল উদ্দিন।
তদন্ত কমিটি প্রতিবেদনে বলেছে, 'বিভিন্ন জনের বক্তব্যের আলোকে প্রতীয়মান হয় যে, আশরাফুজ্জামানের প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়ার আগে অধ্যাপক ড. আহমেদ ফজলে হাসান চৌধুরী, সহকারী অধ্যাপক আশিকুর রহমান ও আশরাফুজ্জামানের মধ্যে কোনো একটি সমঝোতামূলক সম্পর্ক ছিল। যাহা আলোচ্য হলফনামা ও মোবাইল সেট দেওয়া-নেওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত বলে কমিটি মনে করে।"
এতে বলা হয়, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিকুর রহমানের কাছে হলফনামা প্রদান এবং তৎকালীন বিভাগীয় সভাপতি আহমেদ ফজলে হাসান চৌধুরীকে মোবাইল সেট প্রদানের কথা আশরাফুজ্জামান স্বীকার করেছেন।
অনিয়মের ঘটনা বর্ণনায় তদন্ত কমিটি বলেছে, 'আশরাফুজ্জামানের বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ব্যাপারে সাক্ষাৎকার দেওয়ার আগে হলফনামা ও মোবাইল সেট দেওয়া-নেওয়া, নির্বাচনী বোর্ড সভার দিন সাক্ষাৎকার শেষে বিশেষজ্ঞ শিক্ষক ও প্রাথীরা (কয়েকজন) একই গাড়িতে করে শহরে গিয়ে নিজাম এলাকায় একটি অভিজাত হোটেলে খাওয়া দাওয়া করেন এবং এর তিন চারদিন পর আহমেদ ফজলে হাসান আশরাফুজ্জামান ও তানজীন আফরীনকে সঙ্গে নিয়ে সিএনজি অটোরিকশা করে ক্যাম্পাসে নিয়ে এসে এক সিন্ডিকেট সদস্যের সাথে দেখা করিয়ে দেন। এসব কারণে নিয়োগ প্রক্রিয়ায় তাদের মধ্যে পারস্পরিক সমঝোতামূলক যোগাযোগ ও প্রার্থীদের উপর প্রভাব বিস্তার বলে কমিটি মনে করে।'
মো. আশরাফুজ্জামান এখন নৃবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত। তার নিয়োগের ক্ষেত্রে অনিয়মের তদন্ত প্রতিবেদনটির অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে রয়েছে।
গত বছরের ১৯ মার্চ প্রত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছিল, ২০০৫ সালের ৮ জুন শিক্ষক নিয়োগের নির্বাচনী সভার একদিন আগে নগরীর চট্টগ্রাম কলেজসংলগ্ন মিসকিন শাহ মাজারের একটি রেস্তোরাঁয় ৫০ টাকার স্ট্যাম্পে হলফনামা দেন আশরাফুজ্জামান।
তদন্ত প্রতিবেদনে এ সম্পর্কে বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তেেরর গাড়ি চালক ইসাহাকের বক্তব্য তুলে ধরে বলা হয়, তিনি (গাড়িচালক) ২০০৫ সালের ৭ জুন নির্বাচনী বোর্ডের বিশেষজ্ঞ শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান চৌধুরী ও আরো দু'জনকে নিয়ে ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেখানে হলফনামা দেওয়া-নেওয়ার মতো সমঝোতামূলক গোপনীয় কাজ হতে পারে।
সংবাদপত্রের প্রতিবেদনে আশরাফুজ্জামানের হলফনামার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, "শপথ করিতেছি পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলে কখনো জামায়াতে ইসলামী ও বিএনপির বিপক্ষে যাব না এবং ভবিষ্যতে আমি আমার কোনো লেখায় এদের বিরুদ্ধে লিখব না। দল যে সিদ্ধান্ত দেবে তা ভুল হলেও সত্য বলে জানব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এসএনডি/এমএইচবি/২৩১৪ ঘ.
bdnews24