২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে দ্বিতীয় পালা চালু উদ্যোগ: প্রতিবাদে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক ভিত্তিতে সান্ধ্যকালীন বা দ্বিতীয় পালা চালুর উদ্যোগ নিয়েছে বিশ্বদ্যিালয় প্রশাসন। এ বিষয়ে সম্ভাবনা যাচাই ও প্রস্তাবনা তৈরির জন্য গঠিত কমিটি একটি খসড়া প্রস্তাব বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় উত্থাপন করার কথা থাকলেও শেষ পর্যন্ত করা হয়নি। তবে প্রয়োজনীয় প্রক্রিয়া ঠিকমত শেষ করা গেলে চলতি শিক্ষাবর্ষ (জুন/জুলাই) থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন সিন্ডিকেট ও কমিটির দুই সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 02:36 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

চট্টগ্রাম, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক ভিত্তিতে সান্ধ্যকালীন বা দ্বিতীয় পালা চালুর উদ্যোগ নিয়েছে বিশ্বদ্যিালয় প্রশাসন। এ বিষয়ে সম্ভাবনা যাচাই ও প্রস্তাবনা তৈরির জন্য গঠিত কমিটি একটি খসড়া প্রস্তাব বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় উত্থাপন করার কথা থাকলেও শেষ পর্যন্ত করা হয়নি। তবে প্রয়োজনীয় প্রক্রিয়া ঠিকমত শেষ করা গেলে চলতি শিক্ষাবর্ষ (জুন/জুলাই) থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন সিন্ডিকেট ও কমিটির দুই সদস্য। তবে বাণিজ্যিক ভিত্তিতে দ্বিতীয় পালা চালুর এই উদ্যোগের প্রতিবাদ জানিয়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে হঠকারী বলে আখ্যায়িত করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সিদ্ধান্ত থেকে সরে না এলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তারা জানিয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা চলার সময় উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগ সমর্থিত 'ছাত্র সংগ্রাম পরিষদ', ছাত্রদল সমর্থিত 'দাবি আদায় পরিষদ', সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন সমর্থিত 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাণিজ্যিকীকরণ বিরোধী ছাত্রসমাজ'। সাধারণ শিক্ষার্থীরাও এসব রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তি হতে বর্তমানে শিক্ষার্থীদের কাছ থেকে বিভাগ ভেদে এক বছরে আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। দ্বিতীয় পালার শিক্ষার্থীদের দিতে হবে ২৮ হাজার টাকা। এ পালায় দুই হাজার শিক্ষার্থী ভর্তি করা হবে। ক্লাশ হবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। সাধারণ শিক্ষার্থীদের মতো আবাসন ও যাতায়াত সুবিধা পাবে না এই শিক্ষার্থীরা। অপরদিকে এ কার্যক্রমের জন্য একজন শিক্ষক বছরে অতিরিক্ত ৪৫ হাজার টাকা পাবেন। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় পালা চালুর বিষয়ে সম্ভাবনা যাচাই ও প্রস্তাবনা তৈরির জন্য গত ১৬ ফেব্রুয়ারি ৪৪৯তম সিন্ডিকেট সভায় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আনিসুল ইসলামকে সভাপতি করে সাত সদস্যের একটি কমিটি করা হয়। কমিটি ইতোমধ্যে একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে। সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক হেলালউদ্দিন নিজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দ্বিতীয় পালা চালুর ব্যাপারে একটি খসড়া উপস্থাপন করার থাকলেও সময়ের অভাবে তা করা হয়নি। আগামী সিন্ডিকেটে তা উপস্থাপন করা হবে।" তিনি বলেন, "দ্বিতীয় পালার বিষয়টি সিন্ডিকেটে অনুমোদন পেলে তা অ্যাকাডেমিক কাউন্সিলে যাবে। সেখানে পাশ হলে তা যাবে সিনেটে। সিনেটে ঠিক করা হবে কোন নিয়ম অনুযায়ী দ্বিতীয় পালা চলবে। এরপর তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হবে। চুড়ান্ত অনুমোদন পেলে চলতি শিক্ষাবর্ষের জুন/জুলাইয়ের মধ্যেই এই পালা চালুর চিন্তাভাবনা রয়েছে।" যাচাই ও প্রস্তাবনা কমিটির সদস্য এবং আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক জাকির হোসেন জানান, দ্বিতীয় পালায় একজন শিক্ষার্থীকে বছরে ভর্তি, পরীক্ষা ও অন্যান্য ফিসহ মোট সাড়ে ২৮ হাজার টাকা দিতে হবে। এ পালায় পাঠদান ও এ সংক্রান্ত কাজের জন্য একজন শিক্ষক বছরে অতিরিক্ত ৪৫ হাজার টাকা পাবেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিভাগেই দ্বিতীয় পালায় বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত ক্লাশ চালুর সুপারিশ করেছে কমিটি। এ শিফটে দু'হাজার শিক্ষার্থী ভর্তি এবং তাদের জন্য আলাদা ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুবিধা ভোগ করলেও আবাসিক সুবিধা পাবেন না। তাদের জন্য থাকবে না আলাদা কোন যাতায়াতের ব্যবস্থা। বাণিজ্যিক ভিত্তিতে দ্বিতীয় পালা চালুর প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠন সমর্থিত 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাণিজ্যিকীকরণ বিরোধী ছাত্রসমাজ' শনিবার ক্যাম্পাসে কালোব্যাজ ধারণ কর্মসূচির ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উদ্যোগ থেকে সরে না এলে কঠোর ও লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে ছাত্রসংগঠনের নেতারা সাংবাদিকদের জানিয়েছেন। যে কোনো মূল্যে এ উদ্যোগ প্রতিহত করা হবে বলে জানিয়েছেন তারা। 'বাণিজ্যিকীকরণ বিরোধী ছাত্রসমাজের' আহ্বায়ক প্রবাল মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টাকার বিনিময়ে পণ্যের মত শিক্ষাকে বিক্রি করে মেধার অবমূল্যায়ন ছাত্রসমাজ কোনভাবেই মেনে নেবে না। যে কোনমূল্যে এটা প্রতিহত করা হবে।" বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন বলেন, "শিক্ষার বাণিজ্যিকীকরণসহ দ্বিতীয় পালার নামে বিশ্ববিদ্যালয়ে বৈষম্য তৈরির এই চেষ্টাকে কোনভাবেই মেনে নেওয়া হবে না। এর বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাব।" বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সভাপতি আহম্মেদ শিহাবউল্লাহ বলেন, "বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা ইতোমধ্যেই জানিয়ে দিয়েছি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়কে সার্টিফিকেট বিক্রির কেন্দ্র বানানো চলবে না।" বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, "দ্বিতীয় পালা চালু করার উদ্যোগের প্রতিবাদে আমরা উপাচার্যকে স্মারকলিপি দিয়েছি। প্রশাসন তাদের এ উদ্যেগ থেকে সরে না এলে আমরা কঠোর আন্দোলনে যাব।" এছাড়া শিক্ষা বাণিজ্য প্রতিরোধ কমিটির ব্যানারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বৃহস্পতিবার চাকসুর সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, যে ক্যাম্পাসে সন্ধ্যার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় ছাত্রী হল, সন্ধ্যা সাতটায় বন্ধ হয়ে যায় কেন্দ্রীয় লাইব্রেরি সেখানে দ্বিতীয় শিফট চালানোর বুদ্ধি মাথায় আসাটাই বোকামি। এ ধরনের হঠকারী সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেওয়া হবে না। তারা বলেন, কর্তৃপক্ষ যেখানে দিনের বেলা ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারে না সেখানে সন্ধ্যার পর নিরাপত্তা দেবে কে? বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এমএআর/এমএসবি/২০৩২ ঘ.