মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনবল কাঠামো নীতিমালা অনুসরণ না করা এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল হয়েছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে পরিপত্র জারি করে।
এতে বলা হয়, সরকার নির্ধারিত জনবল কাঠামোর অতিরিক্ত শিক্ষক এমপিওভুক্ত থাকার কারণে যেসব মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া যাচ্ছে না, সেগুলোতে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। নিয়োগপ্রাপ্ত এই শিক্ষকরা বেতন-ভাতার সরকারি অংশ পাবেন।
একই অনিয়মের কারণে যেসব প্রধান শিক্ষক যোগ্যতা ও অভিজ্ঞতা থাকার পরও বেতন-ভাতার সরকারি অংশ পাচ্ছিলেন না তারা এখন থেকে পাবেন বলে জানানো হয় পরিপত্রে।
তবে নিয়োগ পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করা না হলে বা প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকলে প্রধান শিক্ষকরা বেতন-ভাতার সরকারি অংশ পাবেন না।
শিক্ষা মন্ত্রণালয় বলেছে, এমপিওভুক্ত কোনো কোনো নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে জনবল কাঠামো নীতিমালা না মেনে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত শিক্ষক এমপিওভুক্ত থাকায় প্রধান শিক্ষকের শূন্য পদে নিয়োগ দেওয়া যাচ্ছে না। আবার নিয়োগ পেয়েও অনেক প্রধান শিক্ষক এমপিওভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন না। প্রধান শিক্ষক পদের গুরুত্ব বিবেচনায় এসব বিদ্যালয়ের বিষয়ে নতুন সিদ্ধান্ত হয়েছে।
পরিপত্রে বলা হয়, নিয়মানুযায়ী যেসব বিদ্যালয়ে জনবল কাঠামোর অতিরিক্ত শিক্ষক এমপিওভুক্ত আছেন সেখানে অবসর, পদত্যাগ, মৃত্যুবরণ, বরখাস্ত বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে সেই পদ বিলুপ্ত হবে। জনবল কাঠামো অনুযায়ী প্রয়োজন না থাকলে আর কোনো শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না।
এ সিদ্ধান্ত না মানলে বিদ্যালয় পরিচালনা কমিটি বাতিলের পাশাপাশি অবৈধভাবে নিয়োগ পাওয়া শিক্ষকের এমপিওভুক্তির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় পরিপত্রে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/এমএইচবি/২২১৩ ঘ.
bdnews24