ঢাকা মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৭ সালের ডিগ্রি পাস ও সাবসিডিয়ারি পরীক্ষা সোমবার শুরু হয়েছে। প্রথম দিন পরীক্ষার বিষয় ছিল বাংলা।
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এ বছর মোট এক হাজার ৪০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের দুই লাখ ২৩ হাজার ৮৪৪ জন শিক্ষার্থী এ দুটি পরীক্ষায় অংশ নিচ্ছে।
এরমধ্যে বিএ, বিএসএস, বিএসসি ও বিকম কোর্সের অধীনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষে মোট দুই লাখ ২১ হাজার ৫২৯ জন শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া বি মিউজিকে ৮২ জন, বি স্পোর্টসে ৫০ জন, সার্টিফিকেট কোর্সে ৫৭৭ এবং সাবসিডিয়ারিতে এক হাজার ৬০৬ জন পরীক্ষা দিচ্ছে।
পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা এক লাখ ২৩ হাজার ৯৮৬ জন এবং ছাত্রী ৯৭ হাজার ৫৪৩ জন।
এদের মধ্যে বিএ প্রথম বর্ষে ৩০ হাজার ১২৬ জন, দ্বিতীয় বর্ষে ৬ হাজার ৯৭৭ জন এবং তৃতীয় বর্ষে ৪৩ হাজার ৩৪৫ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। আর বিএসএস প্রথম বর্ষে ৩২ হাজার ৪০৯ জন, দ্বিতীয় বর্ষে ৪ হাজার ৪৩৭ জন এবং তৃতীয় বর্ষে ৫ হাজার ৮০১ জন পরীক্ষা দিচ্ছে।
বিএসসি প্রথম বর্ষে পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১২৫ জন, দ্বিতীয় বর্ষে চার হাজার ৪২৭ জন ও তৃতীয় বর্ষে তিন হাজার ২৩৮ জন এবং বিকম প্রথম বর্ষে ১৬ হাজার ৬৭৩ জন, দ্বিতীয় বর্ষে ১৫ হাজার ৪২৬ জন এবং তৃতীয় বর্ষে ১৪ হাজার ৫৪৫ জন।
সারা দেশে মোট ৪৯০টি কেন্দ্রে ডিগ্রি পাস ও সাবসিডিয়ারি পরীক্ষা অনুষিষ্ঠত হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এনামুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান সোমবার রাজধানীর ইডেন কলেজ, সরকারি বাঙলা কলেজ ও টঙ্গী সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/জেকে/২১২৯ ঘ.
bdnews24