সিলেট, মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসীদের হামলায় আহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিনুর ইসলাম মিলন শনিবার মারা গেছেন।
বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র মিলন শুক্রবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছিলেন। শনিবার চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
বিশ্ববিদ্যালয়ের বিবিএ-র শিক্ষার্থী শামীম আহমদ জানান, শুক্রবার রাত নয়টার দিকে মিলনকে মারাত্মক আহত অবস্থায় শহরের পাঠানটুলা এলাকায় ফেলে দিয়ে যায় অজ্ঞাত কেউ। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়ার পথে ভৈরব এলাকায় শনিবার বেলা সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।
মিলন সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার গোলাপপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।
শাবিপ্রবি'র প্রক্টর অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী বলেন, "কীভাবে ছাত্রটি মারা গেছে তা এখনও জানা যায়নি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নওরোজ আহমদ জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২২৪২ ঘ.
bdnews24