ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো সদস্য শিক্ষকের বাসায় ঢুকলে কঠোর কর্মসূচি দেবে শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্লাব মিলনায়তনে শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২৫ মার্চ রাতে যৌথবাহিনীর সদস্যরা অনুমতি না নিয়ে অধ্যাপক ডালেমের বাসায় প্রবেশ করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলতে চাই, ভবিষ্যতে একই ঘটনা ঘটলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।"
সভা শেষে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথবাহিনীর চার সদস্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা কোনো কর্তৃপক্ষকে না জানিয়ে গত ২৫ মার্চ গভীর রাতে শহীদ গিয়াসউদ্দিন আবাসিক এলাকায় প্রবেশ করে। তারা কর্মরত দারোয়ানের অনুরোধ সত্ত্বেও গেটে রাখা নিবন্ধন খাতায় স্বাক্ষর না করে শিক্ষক সমিতির নির্বাচন পরিচালক অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণের বাসায় ঢোকে।
যৌথবাহিনীর সদস্যরা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে অধ্যাপক ডালেমকে নির্বাচন স্থগিত বা পদত্যাগ করতে চাপ দেয় বলেও অভিযোগ করা হয় বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, 'এরপর অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি হলে তার বিরুদ্ধে শিক্ষক সমিতির নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।'
সমিতির সভাপতি অধ্যাপক সদরুল আমিন বৈঠকে সভাপতিত্ব করেন।
অধ্যাপক ডালেমের বাসায় যৌথবাহিনীর প্রবেশের পর গত বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার চিঠি পাঠিয়ে তাকে সেদিনের শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত করে ১৫ দিন পেছানোর অনুরোধ করে। পরে শিক্ষক সমিতির নির্বাচনের নতুন তারিখ ১২ এপ্রিল নির্ধারণ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএনডি/এমএইচবি/২২৪২ ঘ.
bdnews24