২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামান সাময়িকভাবে জাবির উপাচার্যের দায়িত্ব পেলেন

অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামানকে সাময়িকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 01:11 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মার্চ ২৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামানকে সাময়িকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামানকে বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১১(২) ধারা অনুযায়ী নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে সম্পূর্ণ সাময়িকভাবে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মুনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার অফিস সময়ে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৪ তম উপাচার্য অধ্যাপক মুনিরুজ্জামান ১৯৭২ সালে এই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন। ১৯৮৯ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং একই সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পুরস্কার পান। এছাড়া বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় সভাপতি, অনুষদ ডীন, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালকসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন তিনি। তিনি জিওলজিক্যাল সার্ভে অব জাপান ও যুক্তরাজ্যের ইমপেরিয়াল কলেজ অব সায়েন্স এন্ড টেকনোলজির ভিজিটিং ফ্যাকাল্টি, বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সহ সভাপতি, আমেরিকান ফিজিক্যাল সোসাইটি ও নিউইয়র্ক একাডেমিক অব সায়েন্সের সদস্য, যুক্তরাজ্যের রয়েল এস্ট্রোনোমিক্যাল সোসাইটি, ইতালির আব্দুস সালাম আই সিটিপি ও কমনওয়েলথ পোস্ট ডক্টরাল ফেলো। অধ্যাপক মুনিরুজ্জামান ১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন। সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের দায়িত্বের মেয়াদ শেষ হয় গত ২০ মার্চ। বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ অনুযায়ী উপাচার্যের মেয়াদ শেষ হওয়ার আগের ৪৫ দিনের মধ্যে অনুষ্ঠেয় সিনেট সভায় সিনেট সদস্যরা ভোটের মাধ্যমে তিন সদস্যের একটি উপাচার্য প্যানেল নির্বাচিত করেন। পরে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি ওই প্যানেল থেকে যেকোন একজনকে চার বছরের জন্য উপাচার্য নিয়োগ দেন। বিশ্ববিদ্যালয়ে সিনেট সদস্য রয়েছেন ৭৯ জন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিনেট সচিব কাজী মহিউদ্দিন জানান, সরকারের অনুমতি না পাওয়ায় সিনেট সভা আহ্বান করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৯০৭ ঘ.