২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগস্ট বিক্ষোভ মামলায় ঢাবির সাজা পাওয়া ৪ ছাত্রের আপিল

আগস্ট বিক্ষোভ মামলায় শাহবাগ থানায় হওয়া একটি মামলায় সাজা পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র রায়ের বিরুদ্ধে আপিল করেছে। আদালতের রায়ের পর ওই ছাত্রদের সাধারণ ক্ষমা করেছিলেন রাষ্ট্রপতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 02:40 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগস্ট বিক্ষোভ মামলায় শাহবাগ থানায় হওয়া একটি মামলায় সাজা পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র রায়ের বিরুদ্ধে আপিল করেছে। আদালতের রায়ের পর ওই ছাত্রদের সাধারণ ক্ষমা করেছিলেন রাষ্ট্রপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র সাইফুল ইসলাম ফিরোজ, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের মো. হাসান মামুন, ইতিহাসের এইচ এম কামরুল হাসান কচি ও বাংলা বিভাগের আজিজ হাসান মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আপিল আবেদন করেন। বিচারক মো. আজিজুল হক আপিলটি গ্রহণের বিষয়ে প্রাথমিক শুনানি গ্রহণ করলেও কোনো আদেশ দেননি। শাহবাগ থানায় একই ঘটনায় দায়ের করা আরেক মামলায় রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাজা পাওয়া তিন শিক্ষক ড. হারুন অর রশিদ, ড. আনোয়ার হোসেন ও ড. সদরুল আমিন রায়ের বিরুদ্ধে একই আদালতে আপিল করেন। ২ এপ্রিল ওই আপিলের মূল শুনানি হওয়ার কথা আছে। গত ২১ জানুয়ারি ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. হাবিবুর রহমান সিদ্দিকী চার ছাত্রকে দুই বছর করে কারাদণ্ড দেন। রায়ে মামলার আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও ১১ শিক্ষার্থীকে খালাস দেওয়া হয়। পরদিন ২২ জানুয়ারি আরেকটি মামলায় ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. গোলাম রাব্বানী তিন শিক্ষককে দু'বছর করে কারাদণ্ড দেন। তবে ওইদিনই রাষ্ট্রপতি তিন শিক্ষক ও চার ছাত্রের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। মঙ্গলবার চার ছাত্রের আপিল আবেদনে বলা হয়, রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় ছাত্রদের শাস্তি মওকুফ করেছেন। কিন্তু দোষী সাব্যস্তের আদেশ মওকুফ করেননি। আদেশটি কেবল উপযুক্ত আদালতই বাতিলের ক্ষমতা রাখেন। ছাত্রদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম ফয়সাল, মো. মিজানুর রহমান ও মো. তাইজুল ইসলাম। গত বছরের ২১ আগস্ট জরুরি বিধিমালা ভেঙে মিছিল, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় সমাবেশ, উস্কানিমূলক বক্তব্য, সরকারি কাজে বাধা দান ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ এনে শাহবাগ থানায় মামলাটি করা হয়। আদালতে মামলাটির অভিযোগ গঠন হয় গত ১২ ডিসেম্বর। এর আগে ৯ সেপ্টেম্বর ৪ শিক্ষক ও ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/২০৩৪ ঘ.