ঢাকা, ১০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর আগস্টের ছাত্র বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা তদন্তে গঠিত হাবিবুর রহমান কমিশনের প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করা হবে।
সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, "গত বছরের ২০ থেকে ২২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনা তদন্তের জন্য গঠিত বিচার বিভাগীয় কমিশনের প্রতিবেদনটি সরকারের কাছে জমা দেয়া হয়েছে। সরকার এটি প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে।"
প্রেস সচিব বলেন, গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এটি প্রকাশ করা হবে। তবে জনগণকে জানানোর জন্য এটি সংবাদপত্র, ইন্টারনেট না অন্য কোনও মাধ্যমে প্রকাশের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে শিক্ষার্থী ও সেনা সদস্যদের মধ্যে সংঘর্ষের জের ধরে পরের দুদিনে দেশের বিভিন্ন অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কারফিউ জারি করে এবং দেশের বিভিন্ন থানায় ৮২ হাজার মানুষকে আসামি করে ২৮টি মামলা করা হয়।
ওই ঘটনার পরপরই সরকার বিচারপতি হাবিবুর রহমানকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়। কমিশন ২৮ আগস্ট কাজ শুরু করে ১৫ নভেম্বর প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন দেয়।
প্রতিবেদন দেওয়ার পর বিচারপতি হাবিবুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, এটি জনসম্মুখে প্রকাশের জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জেকে/এমএ/২০৩২ ঘ.
bdnews24