মোশতাক আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক স্তরে শিক্ষার্থী ভর্তির হার বাড়াতে বিশেষ পরিকল্পনা নিচ্ছে সরকার। এর আওতায় নির্দিষ্ট একটি এলাকার ১১ থেকে ১৫ বছর বয়সী সব কিশোরের স্কুলে যাওয়া হবে বাধ্যতামূলক। প্রতিটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 'স্কুল ক্যাচমেন্ট এরিয়া' নির্ধারণ করা থাকবে। কোনও বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়ার মধ্যের ওই বয়সী সব শিক্ষার্থীদের ওই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। আর এক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাসহ শিক্ষকদের রাখতে হবে সক্রিয় ভূমিকা।
'স্কুল ক্যাচমেন্ট এরিয়া' নির্ধারণের একটি নীতিমালা ইতোমধ্যে চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই এটি পরিপত্র আকারে জারি করা হবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্ত পলিসি, মনিটরিং অ্যান্ড কোয়ালিটি অ্যাস্যুরেন্স ইউনিটের (পিএমকিউএইড) উপ-পরিচালক খিজির হায়াত খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্কুল ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণের বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে।"
তিনি বলেন, "এ পরিকল্পনা বাস্তবায়িত হলে মাধ্যমিক স্তরে শিক্ষার্থী ভর্তির হার যেমন বাড়বে, তেমনি শিক্ষার মানও বাড়বে।"
মাধ্যমিক বিদ্যালয়ের 'স্কুল ক্যাচমেন্ট এরিয়া' চিহ্নিত করার লক্ষ্যে ম্যাপ তৈরির সহায়িকা পত্রে বলা হয়েছে, "দারিদ্র্য বিমোচনে জাতীয় কৌশলের আলোকে আগামী ২০১৫ সালের মধ্যে মাধ্যমিক স্তরে ভর্তির হার ৫০ শতাংশ বাড়ানোর কথা। কিন্তু বর্তমানে দেশে মাধ্যমিক স্তরে শিক্ষার্থী ভর্তির হার মাত্র ৪৪ শতাংশ। ২০১৫ সালের মধ্যে ভর্তির লক্ষ্যমাত্রা ৬৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে শিক্ষার সঙ্গে সংশ্লি
bdnews24