২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসার ছাত্ররা কেন ঢাবির তিন বিষয়ে পড়তে পারবে না জানতে উকিল নোটিশ

মাদ্রাসার ছাত্ররা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংরেজি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হতে পারবে না তা জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে উকিল নোটিশ পাঠিয়েছে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে মেধা তালিকায় স্থান পাওয়া দুই শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 05:46 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসার ছাত্ররা কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা, ইংরেজি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হতে পারবে না তা জানতে চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে উকিল নোটিশ পাঠিয়েছে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে মেধা তালিকায় স্থান পাওয়া দুই শিক্ষার্থী। 'দি ল কাউন্সিল' নামের একটি ফার্ম রোববার ওই উকিল নোটিশ পাঠায়। বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নির্দেশিকায় বলা হয়েছে, উচ্চ-মাধ্যমিক পর্যায়ে ২০০ নম্বরের ইংরেজি না থাকলে ওই তিনটি বিষয়ে ভর্তি হওয়া যাবে না। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আলিমের শিক্ষার্থীরা ১০০ নম্বরের ইংরেজি পরীক্ষায় পাশ করেন বলে এই নিয়ম অনুযায়ী ওই তিন বিষয়ে ভর্তির সুযোগ তাদের নেই। উকিল নোটিশে বলা হয়েছে, ২০০৭-০৮ শিক্ষাবর্ষে 'খ' ইউনিটে ভর্তি পরীক্ষায় মুহসিন উদ্দিন ও মেহেদী হাসান মেধাতালিকায় ১৮৫ ও ৪৮ তম স্থান পান। তারা মাদ্রাসা বোর্ডের অধীনে আলীম পরীক্ষায় পাশ করেছেন। কিন্তু ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নির্দেশনা অনুযায়ী তারা বাংলা, ইংরেজি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হতে পারবেন না। এ ধরনের নিয়মের কারণে মাদ্রাসা বোর্ডের বহু শিক্ষার্থী বৈষম্যের শিকার হচ্ছেন। নোটিশে বলা হয়, আলিমের শিক্ষার্থীরা ১০০ নম্বরের ইংরেজি পরীক্ষায় পাশ করে ডিগ্রি অর্জন করে থাকেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানার পরও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এ শিক্ষাবর্ষ থেকেই এ নিয়ম চালু করেছে। বিভাগটি সিন্ডিকেট বা অ্যাকাডেমিক কাউন্সিলের সঙ্গে আলোচনা ছাড়াই এবার এ নিয়ম চালু করেছে বলেও চিঠিতে অভিযোগ করা হয়। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শেখ আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এ বিভাগে পড়তে হলে বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হয়। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে প্রথমে বিভাগীয় অ্যাকাডেমিক কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিতে হয়। নিয়ম অনুযায়ী কমিটিতে পাশ করার পরই প্রস্তাবটি ভর্তি কমিটিতে পাঠানো হয়েছে।" তিনি বলেন, " ১০০ নম্বরের ইংরেজি পড়ে এ বিভাগে ভর্তির সুযোগ থাকা উচিত নয় বলে বিভাগীয় একাডেমিক কমিটি মনে করেছে। নিয়ম মেনেই সব করা হয়েছে। কোনো বিশেষ উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি।" অধ্যাপক শেখ আব্দুস সালাম জানান, দুই একদিনের মধ্যে এ চিঠির জবাব দেওয়া হবে। প্রস্তুতি চলছে। কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা বিভাগীয় একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী করা হয়। বাংলা ও ইংরেজি বিভাগে বহু আগে থেকেই এ নিয়ম চালু ছিল। যেসব বিভাগে ভাষাকে প্রাধান্য দেয়া হয়, তারা এ নিয়ম চালু করে থাকে।" ২০০৭-০৮ শিক্ষাবর্ষে 'খ' ইউনিটে ভর্তির জন্য মৌখিক পরীক্ষা এখনো শুরু হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, কলা অনুষদের ডিন, বাংলা, ইংরেজি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান এবং ভর্তি কমিটির চেয়ারম্যানের কাছে পাঠানো ওই উকিল নোটিশে 'দি ল কাউন্সিল' এর পক্ষে স্বাক্ষর করেছেন ব্যারিস্টার তানভির আহমেদ আলআমিন। ফার্মটির স্বত্বাধিকারী হিসেবে এতে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নাম লেখা আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এমএইচবি/২৩৪০ ঘ.