২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাকৃবি'র ঈশাখাঁ হলে ছাত্রদের বিক্ষোভ-ভাংচুর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঈশাখাঁ হলকে ছাত্রী হলে রূপান্তরের সুপারিশের প্রতিবাদে আবাসিক ছাত্ররা বুধবার বিক্ষোভ প্রদর্শন এবং হল প্রাধ্যক্ষ ও হাউজ টিউটরের কক্ষ ভাংচুর করেছে। ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশ বাতিলের দাবিতে উপাচার্যকে স্মারকলিপিও দিয়েছে ছাত্ররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 02:57 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ময়মনসিংহ, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঈশাখাঁ হলকে ছাত্রী হলে রূপান্তরের সুপারিশের প্রতিবাদে আবাসিক ছাত্ররা বুধবার বিক্ষোভ প্রদর্শন এবং হল প্রাধ্যক্ষ ও হাউজ টিউটরের কক্ষ ভাংচুর করেছে। ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশ বাতিলের দাবিতে উপাচার্যকে স্মারকলিপিও দিয়েছে ছাত্ররা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " ছাত্রীদের আবাসন সংকট দূর করতে গত শনিবার প্রভোস্ট কাউন্সিলের ৪৮ তম বিশেষ সভায় ঈশাখাঁ হলের পশ্চিম ভবন ছাত্রীদের জন্য বরাদ্দ এবং বর্তমানে আবাসিক ১২০ ছাত্রকে অন্য আটটি হলে স্থানান্তরের সুপারিশ করা হয়। পূর্ব ভবনের আরো ৯৬ আবাসিক ছাত্রকে পর্যায়ক্রমে স্থানান্তরেরও সুপারিশ করা হয়েছে।" তিনি আরও বলেন, "সিন্ডিকেটে অনুমোদন হলেই কেবল সুপারিশটি কার্যকর হবে। ছাত্ররা তা না বুঝেই বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এছাড়া, হলে যেসব ছাত্র আছে তাদের অন্যত্র থাকার ব্যবস্থা করে দেওয়া হবে।" ঘটনাস্থলে থাকা কোতয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) আপেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২ টার দিকে ক্লাস শেষে ছাত্ররা হলে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে কিছু ছাত্র লাঠিসোটা নিয়ে প্রাধ্যক্ষ, হাউজ টিউটরের কক্ষসহ সেকশন অফিস ও অতিথি কক্ষ ভাংচুর করে। এক ঘণ্টা পর হল প্রাধ্যক্ষ, প্রক্টর, সহকারী প্রক্টরসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পারিস্থিতি শান্ত করে। আপেল মাহমুদ বলেন, "দুপুর ২টার দিকে ছাত্রদের একটি প্রতিনিধিদল প্রভোস্ট কাউন্সিলের সুপারিশ বাতিলের দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে। এতে ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টি সমাধানের সময়সীমা বেঁধে দেওয়া হয়।" ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২০৫২ ঘ.