রংপুর, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারমাইকেল কলেজে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ভাংচুর অগ্নিসংযোগের প্রতিবাদে বৃহস্পতিবার শিক্ষকেরা ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ, মৌন মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। ২১ ফেরুয়ারির মধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। তা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা।
ওই ঘটনায় আটককৃত ৬৮ জনের মধ্যে ১৫ শিবির কর্মীকে জরুরি বিধিমালায় ও ৫৩ জনকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও ছাত্র-ছাত্রীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়ার পর বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে প্রায় সব ছাত্রী ছাত্রাবাস ছেড়েছেন। বুধবার ছাত্ররা ছাত্রাবাস ছেড়ে যায়।
২ ফেব্র"য়ারি রংপুরে পৃথক বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেওয়া হয়। বুধবার পৃথক বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিবর্তে কারমাইকেল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে ছাত্রশিবিরের নেতৃত্বে একদল শিক্ষার্থী কলেজে মিছিল বের করে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিতে যাওয়ার সময় যৌথবাহিনীর বাধা মুখে কলেজে ফিরে তারা প্রসাশনিক ভবন, অধ্যক্ষ দ্বীপকেন্দ্র নাথ দাস ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গণিত বিভাগের সহকারী ড. হাফিজুর রহমান সেলিমের বাসভবনে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
অধ্যক্ষ দ্বীপকেন্দ্র নাথ দাস জানান, রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুর রবকে প্রধান করে গঠিত সাত সদস্যের ক্ষয়ক্ষতি নিরূপণ কমিটি বৃহস্পতিবার প্রতিবেদন জমা দিয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা বলে জানানো হয়েছে।
আমাদের রংপুর প্রতিনিধি কলেজ ক্যাম্পাস থেকে জানান, ছাত্র শিবিরের তাণ্ডবের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কারমাইকেল কলেজের শিক্ষকেরা একটি মৌন মিছিল বের করেন। এতে রংপুরের সব সরকারি বেসরকারি কলেজের শিক্ষক, সাবেক শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। এখানে পালন করা হয় অবস্থান ধর্মঘট। এর আগে ওই ঘটনার প্রতিবাদে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অবস্থান ধর্মঘটের সময় শিক্ষকদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় মহাসচিব মৌসুমী রব্বানী, কুড়িগ্রাম সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সুজন শাহী ফজলুল হক, গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষক আব্দুর রাজ্জাক, কারমাইকেল কলেজের শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, বিএড কলেজের শিক্ষক মো. ফারুক, কারমাইকেল কলেজের অধ্যক্ষ দ্বীপকেন্দ্র নাথ দাস প্রমুখ।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব মৌসূমী রব্বানী বলেন, কারমাইকেল কলেজে অধ্যক্ষ ও এক শিক্ষকের বাসায় যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে তা দেখে তিনি হতবাক হয়েছেন। কোন ছাত্র এই ধরনের ঘটনা ঘটাতে পারে বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে।
তিনি বলেন, "কলেজের বিভিন্ন স্থাপনার যে ক্ষতি করা হয়েছে তা দুঃখজনক। আমরা এর বিচার চাই। ২১ ফেরুয়ারির মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।"
এই সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে ২৫ ফেব্র"য়ারি বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে মৌসুমী রব্বানী জানান।
তিনি কর্তব্যরত সাংবাদিকদের উপর সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ দ্বীপকেন্দ্র নাথ দাস বলেন, "যারা মুক্তচিন্তায় ভয় পায়, পিছনের লোক, অন্ধকারের লোক তারাই এ নারকীয় তান্ডব চালিয়েছে। ওরা উন্নয়ন ও প্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। কোন ভয়ভীতি দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এবার আমাদের আক্রমণ প্রতিহত করার পালা।"
কারমাইকেল কলেজের শিক্ষকসহ সকল শিক্ষক ও সুশীল সমাজকে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান তিনি।
তিনি সাংবাদিকদের লাঞ্চিত করার নিন্দা জানান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকার প্রশংসার করেন।
একই ঘটনার প্রতিবাদে দুপুর সাড়ে বারটায় রংপুর প্রেসক্লাব এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন রংপুর পৌর সভার চেয়ারম্যান আব্দুর রউফ মানিক, রংপুর চেম্বার সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, প্রবীণ রাজনীতিবিদ মো. আফজালসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা।
এদিকে তাণ্ডব চালনোর পর থেকে শিবির কর্মীরা গা ঢাকা দিয়েছে। কলেজের আশপাশে শিবির নিয়ন্ত্রিত মেসগুলো থেকে তারা সরে গেছে বলে পুলিশ জানিয়েছে। ক্যাম্পাসে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩০ ঘ.
bdnews24