ঢাকা বিশ্বদ্যিালয় ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভর্তির পর এক বছর পার হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রথম বর্ষের ছাত্ররা সিট পায়নি। এদের অনেকে থাকেন হলের মসজিদে। সিট বরাদ্দের দাবিতে রোববার রাতে তারা হলের ভেতর মিছিল করেছেন।
৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী রাত সোয়া ৯টায় এ হলের এক তলা থেকে ৫ তলা পর্যন্ত মিছিল করে অবিলম্বে সিট বরাদ্দের জন্য স্লোগান দেয়।
সিট না পাওয়ার কারণে ২০০৬-০৭ শিক্ষাবর্ষের অধিকাংশ ছাত্র হলের মসজিদে থাকে বলে জানান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র রোকনুজ্জামান খসরু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "প্রথম সেমিস্টার থেকে আমি মসজিদে থাকি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার এক বছর পার হয়ে গেলেও হল কর্তৃপক্ষ সিটের বরাদ্দ দেয়নি।"
তিনি জানান, যেসব শিক্ষার্থী মসজিদে থাকে তাদের বেশ কয়েকজন রোববার আবাসিক শিক্ষক বায়তুল্লাহ কাদেরীর সঙ্গে কথা বলতে যান। কিন্তু তিনি শিক্ষার্থীদের বলেন এ ব্যাপারে তাদের কিছু করার নেই। এরপরই শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
অনেক সিট খালি থাকা সত্ত্বেও হল প্রশাসন তা বরাদ্দ দিচ্ছে না বলে জানান খসরু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএআর/ডিডি/এমএইচবি/০০৫৬ ঘ.
bdnews24