ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আরেফিন সিদ্দিকের বাসায় ককটেল হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
"শিক্ষকদের ওপর বারবার হামলা কেন?"-লেখা ব্যানার নিয়ে রোববার দুপুর ১২টায় অপরাজেয় বাংলার সামনে এই সভার আয়োজন করে। এতে শিক্ষার্থীরা "আরেফিন স্যারের ওপর হামলা কেন? প্রশাসন জবাব দাও।" "আমরা সুষ্ঠ বিচার চাই।" "সকল ছাত্র-শিক্ষকের নিরাপত্তা চাই।" ইত্যাদি লেখা প্ল্যাকার্ড বহন করে।
সমাবেশে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুস সালাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক হারুন-অর-রশিদ, বিভাগের শিক্ষক আখতার সুলতানা, শামীম রেজা ও শামীম মাহমুদ।
ড. আব্দুস সালাম বলেন, "অধ্যাপক আরেফিন সিদ্দিকের ওপর এই পর্যন্ত ছয়বার হামলা হয়েছে। কোন এক অজ্ঞাত অপশক্তি এই হামলা চালিয়েছে। এই অপশক্তি যতই শক্তিশালী হোক না কেন আমাদের প্রতিবাদ-প্রতিরোধ আন্দোলন অব্যাহত থাকবে। সরকারের কাছে এই অনুরোধ এই অপশক্তিকে চিহ্নিত করে বিচার করতে হবে।"
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ছাত্র-শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ ও দাবি জানিয়ে তিনি বলেন,"এরই মধ্যে আমরা পাঁচ মাসের সেশন জটে পড়েছি। তাই শিক্ষা কার্যক্রম সুষ্ঠ রাখতে ছাত্র-শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করছি।"
বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে একই দাবিতে একটি মানব বন্ধন হয়। কলাভবন থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার পর্যন্ত এই মানব বন্ধনে প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অধ্যাপক আরেফিন সিদ্দিকের গ্রিন রোডের বাসায় শনিবার সন্ধ্যায় ককটেল নিক্ষেপ করে অজ্ঞাত সন্ত্রাসীরা। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে কে বা কারা পরপর দু'টি ককটেল ছুড়ে মারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কিউএইচ/আরএ/জিএনএ/১৪২৯ ঘ.
bdnews24