ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসভাড়া নিয়ে বিবাদের জের ধরে বুধবার রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশের সঙ্গে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। শিক্ষার্থীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। সংঘর্ষে পুলিশসহ আহত হয় অন্তত ২০জন।
তেজগাঁও থানার উপ পরিদর্শক জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টার দিকে বিকল্প পরিবহনের একটি বাসের শ্রমিকদের সঙ্গে ভাড়া নিয়ে বিজ্ঞান কলেজের চার ছাত্রের বচসা হয়। একপর্যায়ে ছাত্ররা গাড়ির কাচ ভেঙে দিলে শ্রমিকরা তাদের আটকে রাখে। কলেজে পরীক্ষার কারণে পুলিশের সহায়তায় পরে তারা ছাড়া পায়।
জহুরুল ইসলাম বলেন, "পরীক্ষা শেষে বেলা ৩টার দিকে কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মারুফ ও দীপুর নেতৃত্বে প্রায় দেড়শ শিক্ষার্থী ফার্মগেট প্রধান ওভার ব্রিজের নিচে জড়ো হয়ে কয়েকটি বিকল্প বাসে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করলে ছাত্ররা ইটপাটকেল ছুড়তে শুরু করে।"
প্রায় আধঘণ্টা চলা এ সংঘর্ষের সময় ফার্মগেট থেকে তেজগাঁও রেলগেট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে ফার্মগেটের মুল সড়ক দিয়ে চলাচল স্বাভাবিক ছিল। পুলিশের লাঠিপেটায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে কলেজের দিকে চলে যায়।
উপ পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা পরে কলেজের ভেতর থেকে পুলিশের ওপর হামলা চালায়। এতে তিনি ও পুলিশের একজন পরিদর্শক আহত হন।
অন্যদিকে বিজ্ঞান কলেজের ছাত্র তাহমিদ হোসেন সাংবাদিকদের কাছে বলেন, পরিবহন শ্রমিকরা তাদের কলেজের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে। শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ করলে পুলিশ তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে বলে অভিযোগ করেন তিনি।
তাহমিদ জানান, পুলিশের হামলায় ২৪/২৫জন ছাত্র আহত হয়। পুলিশ গৌরব চন্দ্র দাসসহ দুই ছাত্রকে আটক করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।
কলেজের উপাধ্যক্ষ নিয়ামত উল্লাহ হাওলাদার সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, অনুমতি ছাড়াই পুলিশ ক্যাম্পাসে ঢুকে লাঠিপেটা করেছে।
এ ঘটনায় আহতদের মধ্যে একাদশ শ্রেণীর ছাত্র হিমেল ও মাহমুদুর রহমান শিমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তবে উপ পরিদর্শক জহুরুল ইসলাম দাবি করেন, অধ্যক্ষের অনুমতি নিয়েই তারা ক্যাম্পাসে ঢুকেছিলেন। ঘটনার পর মারুফ ও দীপুকে আসামি করে তেজগাঁও থানায় একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এসকে/২৩২২ঘ.
bdnews24