ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার দিন আগামী শুক্রবার ধর্মঘট ডেকেছে 'মাদ্রাসা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ'। বিশ্ববিদ্যালয়ের ৬টি বিভাগে ভর্তি হওয়ার ক্ষেত্রে শর্ত নিয়ে তারা গত এক মাস ধরে আন্দোলন করে আসছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘোষিত তারিখ অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকেই 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পরিষদের ব্যানারে শতাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এরপর অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে শুক্রবার ধর্মঘটের ডাক দেয় তারা।
পরিষদের আহ্বায়ক মো. মনিরুজ্জামান বলেন, "ভর্তির ক্ষেত্রে অযৌক্তিক শর্ত প্রত্যাহার করতে হবে। তা না হলে 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা প্রতিহত করা হবে।"
এছাড়া বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অপরাজেয় বাংলার পাদদেশে অবস্থান ধর্মঘট ও কালে পতাকা মিছিল করা হবে বলে মনিরুজ্জামান জানান।
মাদ্রাসা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ডাকা ধর্মঘটের ব্যাপারে প্রশ্ন করা হলে 'ঘ' ইউনিটের তত্ত্বাবধানকারী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশীদ বলেন, "বিষয়টি আদালতে বিচারাধীন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আমরাও এর সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধান চাই।"
রাতে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। একচল্লিশ হাজার ভর্তিচ্ছু এ ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। পরীক্ষার দিনে কোনো কর্মসূচি দিয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার কোনো অবকাশ নেই।'
চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ৬টি বিভাগে ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২০০ নম্বরের বাংলা ও ২০০ নম্বরের ইংরেজি পড়ে আসার শর্ত দেওয়া হয়। বাংলা ও ইংরেজি ভাষার মতো কিছু বিষয়ে উচ্চতর শিক্ষার জন্য এ দুটি ভাষায় দক্ষতার প্রয়োজনীয়তা আছে এ যুক্তিতে আগে থেকেই কয়েকটি বিষয়ে ২০০ নম্বরের এ শর্ত চালু ছিল।
কিন্তু মাদ্রাসা বোর্ডের অধীনে বাংলা ও ইংরেজিতে মাত্র ১০০ নম্বরের পরীক্ষা হয় বলে মাদ্রাসা থেকে পাশ করা শিক্ষার্থীরা আন্দোলনে নামে।
মাদ্রাসা শিক্ষার্থীরা এসব শর্ত বাতিলের আদেশ চেয়ে গত মাসে হাইকোর্টে একটি রিট আবেদন করে। হাইকোর্ট এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা হাইকোর্টের নোটিশের জবাব পাঠিয়ে দিয়েছি।"
উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আরও একদিন সময় হাতে আছে। এরই মধ্যে বিষয়টির একটি যৌক্তিক সমাধান খুঁজে বের করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এসকে/২২০০ঘ.
bdnews24