রাজশাহী, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সকাল ৯টায় রুয়েটের বিভিন্ন ভবনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ২৩ নভেম্বর টাঙিয়ে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে। যোগ্য প্রার্থীদের নোটিশ বোর্ড থেকে তাদের নিজ নিজ পরীক্ষার ক্রমিক নম্বর জেনে নিতে হবে।
বৃহস্পতিবার রুয়েটের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রুয়েটের ৬টি বিভাগে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে মোট ৪৮৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। পার্বত্য অঞ্চলের আদিবাসী কোটায় পাঁচজন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। বাছাইয়ের পর চার হাজার ৯৭৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তাদের তালিকা ও ক্রমিক নম্বর টাঙিয়ে দেওয়া হয়েছে প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে।
এছাড়া রুয়েটের ওয়েব সাইট www.ruet.ac.bd থেকেও যোগ্য পরীক্ষার্থীদের নামের তালিকা জানা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৯ ঘ.
bdnews24