ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, আগস্ট ছাত্র বিক্ষোভের ঘটনা শুধু একটি কারণের বহিঃপ্রকাশ ছিলো না, এটি ছিল বহু ধরণের ষড়যন্ত্রের পরিণতি।
বুধবার ওই ছাত্র বিক্ষোভ বিষয়ে অধ্যাপক হারুন অর রশীদের লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আরেফিন সিদ্দিক।
'ঢাকা বিশ্ববিদ্যালয়: আগস্টের ঘটনা, গ্রেপ্তার-রিমান্ড ও কারাগারের দিনগুলি"নামে বইটির প্রশংসা করে আরেফিন সিদ্দিক বলেন, "এ বইয়ে খুব সুন্দরভাবে ঘটনাগুলো উঠে এসেছে। এ বইটিতে ইতিহাসের সব উপাদানের সম্মিলন ঘটেছে। এ বই ইতিহাসের অংশ হয়ে বেঁচে থাকবে।"
ছাত্র- শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে অধ্যাপক হারুনের লেখা বই নিয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। বইটি প্রকাশ করছে অনন্যা প্রকাশনী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতি নেতা অধ্যাপক হারুন অর রশীদসহ ৪ জন অধ্যাপককে ছাত্র বিক্ষোভে উস্কানি দেওয়ার দায়ে অভিযুক্ত করে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাদের বিরুদ্ধে মামলা করে। পরে তাদের দণ্ড দেওয়া হলেও তীব্র ছাত্র আন্দোলনের মুখে তা মওকুফ করা হয়।
অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, "স্বাধীন বাংলাদেশে চোখ বেঁধে শিক্ষকদের আটক করার ঘটনা দেখতে হবে এটা ছিলো খুবই মর্মন্তুদ। একমাত্র ১৯৭১ সালে ঘর থেকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো।"
সভাপতির বক্তব্যে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেন, "অধ্যাপক হারুন-অর-রশিদ রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। তাঁর লেখার কথা সমাজ-রাষ্ট্র-রাজনীতি নিয়ে অথচ তিনি লিখেছেন কারাগারের দিনগুলোর কথা, রিমান্ডের তিক্ত অভিজ্ঞতার কথা। এই লেখা মূলত বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্র ক্ষমতার অপব্যবহারেরই প্রতিফলন।"
শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেভাবে রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে, যেভাবে অত্যাচার চালানো হয়েছে তা পাক হানাদার বাহিনীও করেনি।
আগস্টের ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান বলেন, চরে ধান কাটা নিয়ে করা মামলা ছাড়া ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী এক মামলায় এতজন ব্যক্তির নাম দেওয়ার নজির বাংলাদেশের ইতিহাসে নেই।
আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহম্মদ সামাদ। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন জিল্লুর রহমান সিদ্দিকী, এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২৩১৮ঘ.
bdnews24