২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস জটিলতা নিরসনে উপদেষ্টা পরিষদ কমিটিকে দায়িত্ব

২৭তম বিসিএস পরীক্ষার ফল নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে 'জন প্রশাসন সংস্কার ও সুশাসন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি'র কাছে প্রয়োজনীয় সুপারিশ চেয়েছে উপদেষ্টা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 02:52 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭তম বিসিএস পরীক্ষার ফল নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে 'জন প্রশাসন সংস্কার ও সুশাসন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি'র কাছে প্রয়োজনীয় সুপারিশ চেয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম সাংবাদিকদের বলেন, "২৭তম বিসিএসকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা পর্যালোচনার জন্য এবং এ ব্যাপারে প্রয়োজনীয় সুপারিশ দিতে 'জন প্রশাসন সংস্কার ও সুশাসন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি'কে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিকে যত দ্রুত সম্ভব সুপারিশমালা তৈরি করে উপদেষ্টা পরিষদে উপস্থাপন করতে বলা হয়েছে।" ২০০৫ সালের জুন মাসে ১ হাজার ৭৭৬টি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চেয়ে ২৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞাপন দেয় বাংলাদেশ কর্ম র্কমশন (পিএসসি)। এতে ১ লাখ ৩৮ হাজার ৮৭৮ জন আবেদন করেন। সব পরীক্ষা শেষে ২০০৭ সালের ২১ জানুয়ারি প্রায় সাড়ে তিন হাজার জনকে মনোনীত করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ওই বছর ফেব্র"য়ারি মাসে মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষা শুরুর কথা থাকলেও দলীয়করণসহ অনিয়মের বিভিন্ন অভিযোগ ওঠায় সরকার তা স্থগিত করে। এরপর ২৭তম বিসিএস এর মৌখিক পরীক্ষার ফল বাতিল করে পিএসসি। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৬ হাজার ৪১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ১৬৫ জন দ্বিতীয়বারের মৌখিক পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে আগেরবার উত্তীর্ণ কয়েকজন শিক্ষার্থী প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করে। চলতি বছর ৩ জুলাই হাইকোর্ট তা খারিজ করে দেয়। এরপর গত ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ফল প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ২৩৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে পিএসসি। কিন্তু দ্বিতীয়বারে উত্তীর্ণ হননি- এমন পরীক্ষার্থীরা প্রথমবারের ফলাফল বহালের দাবিতে আন্দোলন শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কয়েকজন শিক্ষক আন্দোলনকারীদের নিয়ে পিএসসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। উপাচার্যসহ মধ্যস্থতাকারীরা প্রধান উপদেষ্টার সঙ্গেও দেখা করেন। এর মধ্যেই গত ১১ নভেম্বর দ্বিতীয়বারে উত্তীর্ণ ৩০৪৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। বাকি ১৯৫ জন পুলিশ যাচাই (ভেরিফিকেশন) ও স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন সংক্রান্ত সমস্যার কারণে এখনো নিয়োগ পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এমএ/জেকে/এসকে/২০৪৬ঘ.