রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সচেতন ছাত্র সমাজ'র ব্যানারে ছাত্র শিবিরের কর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকর্মীদের আগুনে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঞ্চস্থ একটি নাটকে মহানবীকে (সঃ) ব্যঙ্গ ও হেয় করা হয়েছে বলে অভিযোগ এনে বৃহস্পতিবার সকালে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এ ঘোষণা দেয়।
এর আগে শিবিরের ৭/৮ জন কর্মী ক্লাশরুমে ঢুকে বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী ফারাজানাকে লাঞ্ছিত করেছে।
এছাড়া ওই নাটকের সঙ্গে সংশ্লিষ্টদের হত্যার জন্য 'আঞ্জুমানে আল বাইয়্যিনাত' এর পক্ষ থেকে পুরস্কার ঘোষণা সংবলিত একটি পত্রিকা শিবির কর্মীরা বিলি করেছে।
গত ৩ নভেম্বর রাবির 'ভাস্কর্য রক্ষা মঞ্চ'র ব্যানারে উদীচীর কর্মীরা 'ধুমকেতু' নাট্য সংসদের 'মান্দার' নামের একটি নাটক পরিবেশন করে। নাটকে মোহাম্মদ রাসুল নামের চরিত্র 'এই কুত্তার বাচ্চা মোহাম্মদ' বলে গাল দেওয়া হয়েছে। তবে হয়রত মুহাম্মদকে (সঃ) হেয় করার বা ধর্মী অনুভূতিতে আঘাত হানার জন্য সংলাপটি ব্যবহার করা হয়নি বলে দাবি করেছেন নাটকের প্রযোজক ধূমকেতু নাট্য সংসদের আহবায়ক রফি আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক সাংবাদিকদের বলেন, কি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে তা জানার জন্য উদীচী শিল্পগোষ্ঠীর কাছে লিখিত চাওয়া হয়েছে। লিখিত পাওয়ার পর নাটকের স্ক্রিপ্ট দেখে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ক্লাশরুমে ঢুকে ছাত্রীর ওপর হামলার চালানোর ব্যাপারে তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
সচেতন ছাত্র সমাজের আহবায়ক আবু হানিফ নাট্যকর্মীর ওপর হামলার বিষটি অস্বীকার করেছেন।
তবে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।
ফারজানা সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে 'সচেতন ছাত্র সমাজ'র ব্যানারে ৭/৮ জন শিবির কর্মী তাদের বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে শহীদুল্লাহ্ কলা ভবনে বাংলা বিভাগের ৪০৫ নম্বর কক্ষে যায়। এ সময় তারা শিক্ষক আসার অপেক্ষায় ছিলেন।
শিবির কর্মীরা উদীচীর নাট্যকর্মীদের সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে শিক্ষার্থীদের মিছিলে অংশ নেওয়ার জন্য চাপ দিলে তিনি প্রতিবাদ করেন। এতে শিবির কর্মীরা উত্তেজিত হয়ে টেনে-হিঁচড়ে ক্লাশরুমে থেকে ফারজানাকে বের নেওয়ার চেষ্টা করলে তার সহপাঠিদের সঙ্গে তাদের হাতাহাতি হয়।
ফারজানার সহপাঠি রুকন ও জলিল বলেন, শিবির কর্মীরা ফারজানাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এরপর ৩০/৩৫ জন শিবির কর্মী বিভাগের সামনে এসে ফারজানাসহ তার বন্ধুদের অশালীন ভাষায় গালাগাল করে।
এ ঘটনায় ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে- বিভাগীয় সভাপতি ও প্রক্টররের কাছে লিখিত আবেদন করেছেন বলে তারা জানান।
বেলা সাড়ে ১১টার দিকে 'সচেতন ছাত্র সমাজ'র ব্যানারে শিবির কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত সমাবেশে শিবির কর্মী ও সংগঠনের আহ্বায়ক আবু হানিফ বলেন, "যেভাবে তসলিমা নাসরিন ও দাউদ হায়দারকে দেশ ছাড়া করা হয়েছে উদীচী শিল্পগোষ্ঠীর সকল নাট্যকর্মীকে সেভাবে চিরতরে দেশ থেকে বিতাড়িত করা হবে।"
সচেতন ছাত্র সমাজ'র সদস্য ও শিবির কর্মী আব্দুল আহাদ নাট্যকর্মীদের ইসলামের শত্র" উল্লেখ করে ক্যাম্পাসে ঘেরাও করে আগুনে পুড়িয়ে হত্যার ঘোষণা দেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- শিবির কর্মী নজরুল ইসলাম, আবু কাউসার আকন্দ, মিজানুর রহমান প্রমূখ।
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক 'আল ইহসান' নামের একটি পত্রিকা ক্যাম্পাসে বিলি করেন শিবির কর্মীরা। এ পত্রিকায় উদীচীর নাট্যকর্মীদের মুরতাদ ঘোষণা করে তাদের হত্যার জন্য 'আঞ্জুমানে আল বাইয়্যিনাত' নামের একটি সংগঠনের পক্ষ থেকে পুরস্কার ঘোষণার খবর রয়েছে।
এ পত্রিকা ক্যাম্পাসে বিলি করার অভিযোগে সুজন নামে এক শিবির কর্মীকে আটক করেছে মতিহার থানা পুলিশ।
থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুস সলাম জানান, উদীচী কর্মীদের অভিযোগের ভিত্তিতে সুজনকে আটক হয়েছিল। তবে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
উদীচীর সাধারণ সম্পাদক আবু সায়েম এবং ধুমকেতু নাট্য সংসদের আহবায়ক রফি আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়- হযরত মুহাম্মদকে (সঃ) হেয় এবং ধর্মীয় অনুভুতিতে আঘাত করা তাদের উদ্দেশ্য ছিল না।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "নাটকে রসুল নামের চরিত্রকে মুহাম্মদ (সঃ) এর সঙ্গে তুলনা করে একটি বিশেষ মহল ধর্মীয় অনুভুতিকে কাজে লাগিয়ে উদীচী এবং ধুমকেতু নাট্য সংসদের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চালাচ্ছে।"
রাবি শাখা ছাত্রফ্রন্টের এক বিবৃতিতে নাট্যকর্মীর ওপর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার হোসন সাঈদী দাবি করেন, সচেতন ছাত্র সমাজের সঙ্গে ছাত্রশিবিরের কোন সম্পৃক্ততা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৩ ঘ.
bdnews24