২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে সমাবর্তন হচ্ছে বুধবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন হচ্ছে বুধবার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪২ বছরের ইতিহাসে এটি মাত্র তৃতীয় সমাবর্তন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2008, 02:22 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন হচ্ছে বুধবার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪২ বছরের ইতিহাসে এটি মাত্র তৃতীয় সমাবর্তন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ সমাবর্তন অনুষ্ঠান শুরুর আগে সকাল সাড়ে দশটায় আইন অনুষদ থেকে শোভাযাত্রা বের হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য ও শিক্ষা উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। সমাবর্তন ভাষণ দেবেন প্রফেসর এমিরেটাস ড. জামাল নজরুল ইসলাম। এ বিজ্ঞানীকে সম্মানসূচক ডিএস সি ডিগ্রি দেওয়া হবে। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত পাহাড় ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৯৯ সালের ১৩ মার্চ। আনুষ্ঠানিক প্রথম সমাবর্তন হয়েছিল ১৯৯৪ সালের ৬ ফেব্র"য়ারি। তবে ১৯৮১ সালের ১৮ ডিসেম্বর বিশেষ একটি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল। জাঁকজমকপূর্ণভাবে সমাবর্তন অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে। দেড় মাস আগে থেকেই এ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেওয়া শুরু হয়। শহর থেকে ২২ কিলোমিটার দূরে পাহাড় ঘেরা এ ক্যাম্পাস নতুন সাজে সেজেছে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বিভিন্ন শিল্পকর্ম ও ফেস্টুনে ক্যাম্পাসে এখন উৎসবের আমেজ। এবারের সমাবর্তনে আচার্যের কাছ থেকে সনদ গ্রহণ করবেন ইতিপূর্বে উত্তীর্ণ ৮৮৪ জন শিক্ষার্থী। এবার ১৯৯৫-১৯৯৬ থেকে ২০০৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হবে। এর আগের সমাবর্তনে ১৯৯৪-১৯৯৫ শিক্ষাবর্ষ পর্যন্ত সনদ দেওয়া হয়েছিল। তবে সনদের জন্য সমাবর্তনে রেজিস্ট্রেশন না করা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তী সময়ে সনদপত্র সংগ্রহ করতে পারবে। উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এজন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। " তিনি বলেন, বিগত নয় বছর চবিতে সমাবর্তন অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা হতাশ ছিলেন। কর্তৃপক্ষের 'উদ্যোগহীনতাকে' এর কারণ হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, "দীর্ঘ ১০ বছরে এক বারও সমাবর্তন করা সম্ভব হয়নি। এ বিষয়ে আমাদের আগ্রহ এবং প্রচেষ্টার ফলে বর্তমান সমাবর্তনের আয়োজন সম্ভব হয়েছে। তবে এরপর থেকে নিয়মিত সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।" উপাচার্য বলেন, প্রতি বছর না হলেও তিন-চার বছর পরপর একটি করে সমাবর্তন পালন করতে পারলে শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির পাশাপাশি একাডেমিক গতিশীলতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে স্বতঃস্ফূর্ততা বৃদ্ধি পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/আরএআর/এসকে/২০১৫ঘ.