রাজশাহী, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "আমার ছেলে কোনো অপরাধ করেনি। অন্যায়ের প্রতিবাদ করাই ছিল তার অপরাধ। এ কারণে সন্ত্রাসীরা তার দুই হাতের কব্জি কেটে নিয়েছে। যারা আমার ছেলের দুই হাত কেটে নিয়েছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
মঙ্গলবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সাংবাদ সম্মেলনে আবেগাপ্লুত কণ্ঠে কথাগুলো বললেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি), রাজশাহী ক্যাম্পাসের বাংলা বিভাগের ছাত্র আব্দুল আলিমের বাবা আব্দুর রশীদ। এ সময় পাশে ছিলেন আলিমের মা নূরজাহান।
গত ২০ সেপ্টেম্বর রাতে আব্দুল আলিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে দুহাতের কব্জি কেটে ফেলে দুর্বৃত্তরা।
পরদিন তার বাবা আব্দুর রশিদ পাঁচজনকে আসামি করে আত্রাই থানায় একটি মামলা করেন। আসামিরা হলেন- নওগাঁর আত্রাই উপজেলার চকবিষ্টপুর গ্রামের মোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, মো. মোস্তাক, মো. মোশাররফ ও মো. আব্দুস সাত্তার।
এইউবি-এর রাজশাহী ক্যাম্পাস আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার মঞ্জুর এলাহি।
লিখিত বক্তব্যে বলা হয়, পুলিশ এখনও আসামিদের গ্রেপ্তার করেনি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আলিম ও তার পরিবারের সদস্য ও সাক্ষীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ অবস্থায় আলিমের পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুলিশ প্রশাসনের কাছে আলিমের পরিবারের নিরাপত্তা দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- এইউবি রাজশাহী ক্যাম্পাসের শিক্ষক সরদার এম. আনিছুর রহমান, আমিনুজ্জামান তালুকদার, মহসিন রেজা, মনোয়ারুল হক এবং বিভিন্ন সময়ে সন্ত্রাসীদের দ্বারা নির্যাতনের শিকার রাণীনগর প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস সোবাহান, চকবিষ্টপুর গ্রামের আশরাফ আলী সরকার, মোস্তাফিজুর রহমান, আব্দুর রশীদ প্রমুখ।
এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্রী প্রদীপ কুমার চক্রবর্ত্তী জানান, আসামি রফিকুল ইসলামের স্ত্রী খাদিজার সঙ্গে আলীমের পরকীয়া প্রেমের সম্পর্ক থাকায় আসামিরা তার দু'হাতের কব্জি কেটে দিয়েছে।
তিনি বলেন, "আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সার্টিফিকেট পেলে মামলার অভিযোগপত্র দেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৬ ঘ.
bdnews24