গাজীপুর, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধ্যাপক রাশিদুল হাসানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব মো. রইস উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
একই প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম মোফাখখারুল ইসলামকে কোষাধক্ষ্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
২০০৭ সালের ২৭ ডিসেম্বর থেকে ছয়মাসেরও বেশি সময় (২০০৮ সালের ১৬ জুলাই পর্যন্ত) ড. রাশিদুল হাসান একাধারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধক্ষ্যের দায়িত্ব পালন করে বিতর্কিত হন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ড. রাশিদুল হাসান উপাচার্যের দায়িত্ব পালনকালে সংস্কারের নামে চার শতাধিক কর্মকর্তা কর্মচারিকে বদলি ও চার দফা প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের তিনটি গুরুত্বপূর্ণ পদে থাকার পরও পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সুবিধা নেওয়ায় তিনি সমালোচনার মুখে পড়েন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২০৪৫ ঘ.
bdnews24