২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ ও ভাংচুর

ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সোমবার ব্যাপক সংঘর্ষ হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা ওই সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর হয়। সংঘর্ষের কারণে প্রায় আড়াই ঘণ্টা রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক মীরপুর রোড়ে প্রায় আড়াই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 09:01 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সোমবার ব্যাপক সংঘর্ষ হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা ওই সংঘর্ষের সময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর হয়। সংঘর্ষের কারণে প্রায় আড়াই ঘণ্টা রাজধানীর অন্যতম ব্যস্ত সড়ক মীরপুর রোড়ে প্রায় আড়াই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। বাসের সিট নিয়ে দুই কলেজের কয়েকজন শিক্ষার্থীর কথা কাটাকাটির জের ধরে ওই সংঘর্ষের সূত্রপাত হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেছে, কথা কাটাকাটির জের ধরে সিটি কলেজের সামনে ওই কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধর করে। ওই খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে সিটি কলেজের শিক্ষকদের দাবি, বিনা কারণেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং শিক্ষার্থীদের মারধর করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সিটি কলেজের সামনে ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধর করার খবর শুনে সকাল ১০টার দিকে ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসে। তারা সিটি কলেজের সামনে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। সিটি কলেজেও ভাংচুর চালায় তারা। ওই সময় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হওয়ার পরপরই মীরপুর সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষের এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা পিছু হটে নিজেদের ক্যাম্পাসে ফিরে যায়। কিন্তু তিন সতীর্থকে সিটি কলেজের শিক্ষার্থীরা আটকে রেখেছে- এরকম খবর শুনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবার সিটি কলেজের দিকে ছুটে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। ঢাকা কলেজের ছাত্ররা তখন মীরপুর সড়কে কয়েকটি গাড়ি ভাংচুর করে। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষের সময় ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থীকে আটক করে পুলিশ ধানমন্ডি থানায় নিয়ে যায়। এরা হলেন- আল মাহমুদ সরকার (ব্যবস্থাপনা, স্নাতকোত্তর), আবুল বাশার (ব্যবস্থাপনা, স্নাতক-চতুর্থ বর্ষ), বাবুল (রাষ্ট্রবিজ্ঞান, স্নাতক-চতুর্থ বর্ষ), জহুরুল ইসলাম (ব্যবস্থাপনা, স্নাতক-দ্বিতীয় বর্ষ) ও ডালিম (সমাজবিজ্ঞান, স্নাতক-চতুর্থ বর্ষ)। এরপর বেলা ২টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষক সিটি কলেজে যান। সিটি কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলার পর তারা আটকে পড়া ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে ছাড়িয়ে আনেন। এরা হলেন- ব্যবস্থাপনা বিভাগের ছাত্র রাশেদুল ইসলাম, রাকিব আহমেদ ও তৌসিফ মো. জাভেদ। সিটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক খালেকুজ্জামান সাংবাদিকদের বলেন, "ঢাকা কলেজের ছাত্ররা বিনা কারণেই আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। তারা কলেজের সামনে থাকা শিক্ষকদের গাড়ি ভাংচুর করেছে, ঢিল ছুড়ে কলেজ ভবনের অনেক কাচও ভেঙেছে।" তবে সিটি কলেজের শিক্ষকের এ অভিযোগ নাকচ করে ঢাকা কলেজের অধ্যক্ষ বশিরুল হক সাংবাদিকদের বলেন, "সিটি কলেজে কয়েকজন বন্ধুকে আটকে রাখার খবর পেয়ে আমার কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাই বন্ধুদের ছাড়িয়ে আসতেই তারা সেখানে গিয়েছিল।" অধ্যক্ষ বলেন, "যদি আমার কলেজের শিক্ষার্থীরা কোনও অপরাধ করে, তবে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এর আগেও এ ধরনের ঘটনায় কয়েকজন ছাত্রকে বহিষ্কারের নজির রয়েছে।" ঢাকা কলেজের শিক্ষার্থীদের কিছুদিন পরপরই সংঘর্ষে জড়িয়ে পড়ার প্রবণতার বিষয়টি তুলে ধরা হলে বশিরুল হক বলেন, "আমাদের কলেজটি ব্যস্ততম একটি এলাকায়। ফলে সংঘাত-সংঘর্ষের উপাদান বিরাজ করে। বাসের ভাড়া নিয়ে পরিবহণ শ্রমিকদের সঙ্গে সংঘর্ষই বেশি হয়। কোনও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ এটাই প্রথম।" এদিকে দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষক ধানমন্ডি থানায় গিয়ে ওই কলেজের আটক ছাত্রদের ছাড়িয়ে আনে। দুপুর সাড়ে ১২টার পর পরিস্থিতি শান্ত হলে মীরপুর সড়কে গাড়ি চলাচল আবার শুরু হয়। ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/এসকে/১৪৫৫ঘ.