২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসে ফিরেছেন জাবির নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রায় ছয় মাস পর রোববার ক্লাসে ফিরেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 01:25 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অক্টোবর ১৯ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রায় ছয় মাস পর রোববার ক্লাসে ফিরেছেন। গত ৩ মে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের চার ছাত্রী পৃথকভাবে বিভাগীয় সভাপতি সহযোগী অধ্যাপক ছানোয়ার হোসেনের বিরুদ্ধে উপাচার্যের কাছে যৌন হয়রানির লিখিত অভিযোগ দায়ের করেন। ওই শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে বিভাগের শিক্ষার্থীরা ৪ মে থেকে লাগাতার ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে আন্দোলনে নামে। উপাচার্যের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভা ছানোয়ার হোসেনের বিরুদ্ধে চার ছাত্রীর করা যৌন নিপীড়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ছানোয়ার হোসেনকে বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেন। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী চিন্ময় গুপ্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সার্বিক বিষয় বিবেচনা করে আজ (রোববার) ক্লাস শুরু করেছি। তবে ওই শিক্ষককে বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করার সিদ্ধান্ত বলবৎ থাকবে। আমরা কোনোভাবেই তাকে বিভাগে আসতে দেবো না। এলে প্রতিহত করা হবে।" তিনি জানান, "সকালে পুরাতন কলা ভবনের সামনে শিক্ষার্থীদের এক সমাবেশের পর ক্লাস শুরু এবং ওই শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" ছানোয়ার হোসেন বর্তমানে বিভাগের সভাপতি থাকায় তাকে অব্যাহতি দিয়ে অন্য শিক্ষককে সভাপতির দায়িত্ব দিতে কলা ও মানবিক অনুষদের ডিনের কাছে লিখিত আবেদন করা হয়েছে বলেও চিন্ময় গুপ্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৭ ঘ.