রংপুর, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর মেডিকেলে শিক্ষানবিশ চিকিৎসকের হাতে রোগীর দুই ভাই লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে, ওই রোগীর ভাইরাই বরং চিকিৎসকদের লাঞ্ছিত করছে- এমন পাল্টা অভিযোগ অভিযোগ ও শিক্ষানবিশ চিকিৎসকদের আন্দোলনের মুখে দু'ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকার মোহাম্মদ আলী (৪৮) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত বৃহস্পতিবার রাতে রংপুর মেডিকেলে ভর্তি হন।
তার স্বজনরা জানান, শুক্রবার অবস্থার অবনতি হলে মোহাম্মদ আলীর স্ত্রী মাহমুদা বেগম, দুই সহোদর শাহেদ আলী ও জাহেদ আলী ওয়ার্ডে কর্তব্যরত শিক্ষানবিশ চিকিৎসককে ডাকেন। কিন্তু কেউ এ সময় আসেননি। সন্ধ্যায় মোহাম্মদ আলী জ্ঞান হারিয়ে ফেললে তার দু'ভাই এর প্রতিবাদ করায় কয়েকজন শিক্ষানবিশ চিকিৎসক শাহেদ আলীকে মারধর করেন।
এরপর চিকিৎসকরাই পাল্টা অভিযোগ তোলেন, রোগীর ওই দুই ভাই তাদের লাঞ্ছিত করেছে। তারা দুই ভাইকে গ্রেপ্তারের দাবি করে মিছিল মিটিংয়ের মাধ্যমে হাসপাতালে অচলাবস্থার সৃষ্টি করেন। রাত দেড়টার দিকে শাহেদ আলী ও জাহেদ আলীকে পুলিশ গ্রেপ্তার করে কোতয়ালি থানায় নিয়ে যায়।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ জানান, হাসপাতালের পরিচালক ডা. মাসুদার রহমানের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি। শনিবার সন্ধ্যায় গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়।
শাহেদ আলী ও জাহেদ আলী দাবি করেন, তারা চিকিৎসকদের লাঞ্ছিত করেননি। মরণাপন্ন ভাইয়ের চিকিৎসার দাবি জানিয়েছিলেন। এ কারণেই তাদেরই বরং মারধর করা হয়েছে।
এদিকে, ইন্টার্নি ডক্টরস এসোসিয়েশনের সাবেক আহ্বায়ক ডা. ইমরান সাংবাদিকদের বলেন, দু'ভাইসহ অন্য রোগীর স্বজনরা ডা. অনিরুদ্ধ, ডা. কানিজ ফাতেমা ও ডা. শারমীনকে লাঞ্ছিত করেছে। কোনো রোগীকে লাঞ্ছনার কথা তিনি অস্বীকার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১২৯ ঘ.
bdnews24