ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বাদে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৫ অক্টোবর থেকে এক জরিপর কার্যক্রম শুরু করবে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। 'পোস্ট প্রাইমারি শিক্ষা শুমারি' নামে এ জরিপ শেষ হবে আগামী ১৫ নভেম্বর।
সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়, দেশের প্রায় ৩৪ হাজার অনুমোদিত স্কুল-কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ জরিপ কার্যক্রম চলবে।
জরিপে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীর সংখ্যাসহ বিভিন্ন তথ্য, শিক্ষকদের তথ্য, প্রতিষ্ঠানের অবস্থা ও অবকাঠামো, পাবলিক পরীক্ষায় ফলাফল ও অন্যান্য আনুষঙ্গিক তথ্য সংগ্রহ করা হবে।
দেশের প্রায় এক হাজার ছয়শ শিক্ষক ও এসইএস ডিপি প্রকল্পের কর্মকর্তা মাঠ পর্যায়ে এ জরিপ কাজ পরিচালনা করবেন।
ব্যানবেইস এর আগে ১৯৮২, ১৯৯৩ ও ১৯৯৯ সালে জাতীয় শিক্ষা জরিপ পরিচালনা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/জেকে/২৩৩০ ঘ.
bdnews24