ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুন্নেসা নূন স্কুল ও কলেজের পাওনা ৮ কোটি ৯ লাখ ৪৬ হাজার ২৪ টাকা পরিশোধের জন্য প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) সাবেক চেয়ারম্যান ডা. এইচ বি এম ইকবাল ও সাবেক অধ্যক্ষ হামিদা আলীসহ আট জন এবং প্রিমিয়ার ব্যাংক গুলশান শাখাকে আদেশ দিয়েছে আদালত।
এছাড়া যে দুটো দলিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির ৩ দশমিক ৩০ একর জমি ভিকারুন্নিসা ইউনিভার্সিটি ফাউন্ডেশনের নামে হস্তান্তর করা হয়েছিল তা বাতিলের আদেশ দেয়া হয়েছে।
সোমবার বিকেলে ঢাকার বিশেষ যুগ্ম জেলা জজ ও পরিবেশ আদালতের বিচারক ফউজুল আজিম এ রায় দেন।
২০০৪ সালের ১৬ জুন ভিকারুন্নেসা নূন স্কুল ও কলেজের পক্ষে সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোয়েনা হোসেন মামলাটি দায়ের করেন।
মামলায় প্রিমিয়ার ব্যাংক গুলশান শাখা, ডা. এইচ বি এম ইকবাল ও হামিদা আলী ছাড়াও ভিকারুন্নিসা নূন স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সাবেক পাঁচ সদস্য হুমায়ুন কবির খান, এ কে এম ফিরোজ নুন, প্রকৌশলী মো. মতিয়ার রহমান, রকিবুল হোসেন রুমী, প্রকৌশলী প্রশান্ত কুমার বিশ্বাস এবং ঢাকা জেলা রেজিষ্ট্রারকে আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, তদানীন্তন পরিচালনা পর্ষদের সদস্যরা সম্পূর্ণ বেআইনীভাবে ও ক্ষমতার অপব্যবহার করে প্রতিষ্ঠানের অর্থ-সম্পত্তি ভিকারুন্নেসা ইউনিভার্সিটি ফাউন্ডেশন বরাবর হস্তান্তর করে।
বাদিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট খলিলুর রহমান। তবে প্রিমিয়ার ব্যাংক গুলশান শাখা ছাড়া অপর বিবাদিরা মামলা লড়েনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/জেকে/২৩২৫ ঘ.
bdnews24