২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আহত ১৩

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে। এদের মধ্যে সাত জন শিবিরকর্মী এবং পাঁচ জন ছাত্রলীগ কর্মী। আহত অপর জনের দলীয় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 07:48 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোমবার ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে। এদের মধ্যে সাত জন শিবিরকর্মী এবং পাঁচ জন ছাত্রলীগ কর্মী। আহত অপর জনের দলীয় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে শিবিরকর্মীরা ক্যাম্পাসে জড়ো হলে ছাত্রলীগকর্মীরা তাদের 'যুদ্ধাপরাধী' আখ্যায়িত করে ধাওয়া করে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে ছাত্রলীগকর্মীরা শিবির কর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দেয়। সংঘর্ষে আহত শিবিরকর্মীরা হলেন- মফিজুর রহমান, পাভেল আহমেদ, শফিকুল ইসলাম, রাফি আহমেদ, মহিদুল ইসলাম, আরিফুর রহমান ও সোহাগ আহমেদ। এদের মধ্যে মফিজুর ও পাভেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রলীগকর্মীরা হলেন- সঞ্জয় কুমার, কামরুল ইসলাম, শিশির আহমেদ, সুমন রেজা এবং রিয়াদ হোসেন। এছাড়া শিবিরকর্মী সন্দেহে মোহাম্মদ শীলন নামে ইসলামের ইতিহাস বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করে ছাত্রলীগকর্মীরা। তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কামরুল হাসান রিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতাবিরোধী কোনও চক্রকে স্থান দেওয়া হবে না। এ চক্রটি ক্যাম্পাসে এলেই অশান্ত পরিবেশের সৃষ্টি হয়।" এদিকে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নিজামুল হক নায়েম বলেন, "কোনও ধরনের উস্কানি ছাড়াই ছাত্রলীগকর্মীরা আমাদের ওপর হামলা করে। শিবির দুর্বল সংগঠন নয়। তাই আমরাও তা প্রতিহত করার চেষ্টা করেছি।" সংঘর্ষের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশ ঘটনাস্থলে আসে। প্রক্টর ড. কাজী আসাদুজ্জামান বেলা দেড়টার দিকে সাংবাদিকদের বলেন, "পুলিশ এনে ক্যাম্পাস শান্ত করার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করছি। ক্যাম্পাস এখন শান্ত।" সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান বলেন, "আমরা শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য ক্যাম্পাসে এসেছি। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।" অপর আহতদের পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং সুমনা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪০৫ ঘ.