চট্টগ্রাম, জানুয়ারি ২২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগস্টে ছাত্র বিক্ষোভের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারেরর দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন করেছে প্রতিবাদী ছাত্র সমাজ।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় রেল স্টেশন চত্বরে প্রতিবাদী ছাত্রসমাজের ব্যানারে দুই শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেন।
সোমবার সকালে কালো ব্যাজ ধারণ করা ২৫ জন শিক্ষার্থীর পরিচয়পত্র কেড়ে নেওয়ার পর কোন ধরণের কর্মসূচি পালন করা যাবে না বলে শিক্ষার্থীদের প্রতি হঁশিয়ারি দিলেও মানববন্ধন কর্মসূচি পালনে বাধা দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আন্দোলনকারীদের পক্ষে প্রবাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ২৩ জানুয়ারি এক ঘণ্টা ক্লাশ বর্জন ও মৌন মিছিল কর্মসূচি পালন করা হবে।
গত বছরের ২২ আগস্টে ছাত্র বিক্ষোভের ঘটনায় চবির প্রায় ১৫০০ শিক্ষার্থীকে আসামি করে ২৬ আগস্ট হাটহাজারী থানায় একটি মামলা করা হয়।
পরে ২২ অক্টোবর ১০ জনের বিরুদ্ধেঅভিযোগপত্র দেওয়া হয়।
ছাত্র বিক্ষোভের ঘটনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা বিজয় কুমার দাসকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি জামিনে আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/এমএসবি/১৭৫৮ ঘ.
bdnews24