ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ শনিবার বলেছেন, ছাত্র-শিক্ষকদের বিরুদ্ধে দায়ের সবগুলো মামলা এক সপ্তাহের মধ্যে আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মামলাগুলোও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত। শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সোমবার এসব বিষয়ে বিস্তারিত জানাবেন।
বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক বৈঠকের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। (আরো তথ্যসহ)
উপাচার্য জানান, দুপুর আড়াইটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ছাড়াও আইন, শিক্ষা, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা এবং সেনাপ্রধান, পুলিশ মহাপরিদর্শক, এনএসআই ও ডিজিএফআই মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।
এস এম এ ফায়েজ বলেন, "বৈঠকে শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের সবগুলো মামলা নিয়ে আলোচনা হয়েছে। আইনি প্রক্রিয়ার মধ্যেই এসব মামলার নিষ্পত্তি হবে।"
এর জন্য কত সময় লাগতে পারে জানতে চাইলে তিনি বলেন, "এক সপ্তাহের মধ্যেই সব মামলার নিষ্পত্তি হবে। এর বেশি লাগার তো কোনো কারণ দেখছি না।"
উপাচার্য জানান, রাজশাহী বিশ্বদ্যিালয়ের মামলাগুলোও এই প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে।
মামলাগুলো প্রত্যাহার করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ২১ জানুয়ারি (সোমবার) বিস্তারিত জানাবেন।"
এস এম ফায়েজ বলেন, বৈঠকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সরকার সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
এক সপ্তাহের মধ্যে যে ফলাফল আসবে তা ছাত্র-শিক্ষক সবার কাছে গ্রহণযোগ্য হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, "সরকার কখনোই বিশ্ববিদ্যালয়কে প্রতিপক্ষ মনে করেনি। বিশ্ববিদ্যালয়ও কখনো সরকারকে প্রতিপক্ষ মনে করেনি।"
প্রসঙ্গত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্যাতন বিরোধী শিক্ষার্থীরা সোমবার উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে। 'ছাত্রবন্ধু' ব্যানারে শিক্ষার্থীদের একটি অংশ একই দিনে উপাচার্যের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবে এবং আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকরা অপরাজেয় বাংলার পাদদেশে তিন ঘণ্টার প্রতীক অনশন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএআর/জেকে/এমএ/১৮৪২ ঘ.
bdnews24