বরিশাল, জানুয়ারী ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটককৃত শিক্ষক-ছাত্রদের মুক্তির দাবিতে শনিবার বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
২১ জানুয়ারি সকাল ১০ টা থেকে এক ঘন্টা ক্লাসবর্জন, কালো ব্যাজ ধারণ এবং মৌন মিছিল করার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে শুরু করে মসজিদ গেট পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে।
বেলা ১১ টার দিকে বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা কলাভবনের জিরো পয়েন্টে জড়ো হয়। বেলা সাড়ে ১১ টার থেকে দুপুর ১২ টা পর্যন্ত তারা মানববন্ধন পালন করে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহম্মেদ শিক্ষার্থীদের মানববন্ধনের কথা স্বীকার করে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইনি প্রক্রিয়ায় শিক্ষক-ছাত্রদের দ্রুত মুক্তি দেওয়া প্রয়োজন।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৬৩২ ঘ.
bdnews24