ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেছন থেকে কলেজ বাসকে ধাক্কা দেওয়ার জের ধরে ঢাকা কলেজের একদল ছাত্র শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় পুলিশ ও ছাত্রদের মধ্যে কয়েকদফা সংঘর্ষ হয়।
বিক্ষুব্ধ ছাত্রদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুড়ে ও ছাত্রদের লাঠিপেটা করে। পাঁচ ছাত্রকে আটকও করা হয় সেসময়। তবে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে দুপুর ১২টার দিকে আটককৃতদের ছেড়ে দিলে অবরোধ তুলে নেয় ছাত্ররা।
ঢাকা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র লিখন জানান, সকাল সোয়া নয়টার দিকে মিরপুর থেকে অনাবাসিক ছাত্রদের নিয়ে কলেজের দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। সে সময় বিজয় সরণি মোড়ে হঠাৎ করে মিরপুর চিড়িয়াখানা এলাকার এক নম্বর একটি বাস ছাত্রবাহী বাসটিকে ধাক্কা দেয়। উত্তেজিত ছাত্ররা এর কারণ জানতে চাইলে ওই বাসের চালক ও তার সাহায্যকারীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। এ খবর কলেজে ছড়িয়ে পড়লে ছাত্ররা রাস্তায় নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।
ছাত্ররা অভিযোগ করেছে, ওই এলাকার দায়িত্বরত সার্জেন্ট বশিরুল হকের নেতৃত্বে বাসের হেলপার ছাত্রদেরকে মারধর করেছে।
ঢাকা কলেজের অধ্যক্ষ বশিরুল হক জানান, উচ্চ পর্যায়ে আলোচনা শেষে পুলিশ আটক ছাত্রদের তেজগাঁও থানা থেকে ছেড়ে দিয়েছে। ১২টার পর পর ছাত্ররা সড়ক অবরোধ তুলে নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/আরএ/এএল/জিএনএ/১৩২০ ঘ.
bdnews24