ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সরকারি স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা বুধবার শুরু হয়েছে। ২৪টি স্কুলকে তিনটি ভাগে ভাগ করে পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত সাড়ে সাত হাজার আসনে লড়াই করছে ৩৬ হাজার ভর্তিচ্ছু।
বুধবার ভর্তি পরীক্ষা শুরু হয় 'এ' গ্র"পের আটটি স্কুলে। 'বি' গ্র"পের আটটি স্কুলে পরীক্ষা হবে ১৮ জানুয়ারি; ২১ জানুয়ারি হবে 'সি' গ্র"পের স্কুলগুলোতে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফরিদউদ্দিন।
তিনি বুধবার সকালে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে ভর্তি পরীক্ষার কার্যক্রম ঘুরে দেখেন। এ স্কুলে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চতুর্থ শ্রেণির ভর্তি পরীক্ষা হয়।
ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বছর ২৪টি স্কুলে প্রায় সাড়ে সাত হাজার আসনের বিপরীতে ৩৬ হাজার ৪৩৫ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। যাদের বেশির ভাগই প্রথম শ্রেণির ভর্তিচ্ছু।
তিনি আরও জানান, 'সি' গ্র"পের ভর্তি পরীক্ষা ২০ জানুয়ারি হওয়ার কথা থাকলেও আশুরার কারণে তা একদিন পেছানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএনএ/এমআই/১৩১৮ ঘ.
bdnews24