২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবন্দিদের মুক্তি দাবির আন্দোলনে শিক্ষক ও অভিভাবকদের সংহতি

কারাবন্দি শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকরা। মঙ্গলবার ক্যাম্পাসের অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে বেশ কয়েকজন শিক্ষক ও অভিভাবক সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। এদিকে ছাত্র বিক্ষোভের এক মামলার সাক্ষ্য গ্রহণ মঙ্গলবার শেষ হয়েছে। অভিযুক্ত চার শিক্ষক ও এক ছাত্রকে এদিন আদালতে হাজির করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 03:33 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকরা। মঙ্গলবার ক্যাম্পাসের অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে বেশ কয়েকজন শিক্ষক ও অভিভাবক সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। এদিকে ছাত্র বিক্ষোভের এক মামলার সাক্ষ্য গ্রহণ মঙ্গলবার শেষ হয়েছে। অভিযুক্ত চার শিক্ষক ও এক ছাত্রকে এদিন আদালতে হাজির করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'নির্যাতনবিরোধী ছাত্র-ছাত্রীবৃন্দ'র ব্যানারে সকাল ১১টায় সংহতি সমাবেশে আটক শিক্ষার্থীদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। কারাবন্দিদের নিঃশর্ত মুক্তির জন্য শিক্ষার্থীরা আগেই সরকারকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদউদ্দিন, মেসবাহ কামাল, কাজল ব্যানার্জি, মুহাম্মদ সামাদ, আনোয়ার হোসেন, কে এম মনোওয়ার উদ্দিন আহমেদ, আখতারুজ্জামান, অহিদুজ্জামান, জিনাত হুদা, মশিউর রহমান, কাবেরী গায়েন, রোবায়েত ফেরদৌস, ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক অ্যালেক্সেস কার্জিলোভস্কিসহ বেশ কয়েকজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আহমেদ কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদসহ কয়েকজন শিক্ষক টেলিফোনে সংহতি প্রকাশ করেন বলে শিক্ষার্থীরা জানায়। অধ্যাপক সাদউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ আনার স্বার্থে আটক শিক্ষক ও শিক্ষার্থীদের মুক্তি দেওয়া জরুরি। অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, শিক্ষক ও শিক্ষার্থী সবাইকেই মুক্তি দিতে হবে। কারণ শিক্ষার্থী ছাড়া শিক্ষকের কোনও অস্তিত্ব নেই। কাবেরী গায়েন বলেন, কারাবন্দিদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই মামলা প্রত্যাহারই হতে পারে সমাধানের সম্মানজনক প্রক্রিয়া। কারাবন্দি শিক্ষার্থী মানবেন্দ্র দেবের মা ডলি দেব সব শিক্ষক-শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি দাবি করেন। ঈদ ও শীতকালীন ছুটি শেষে গত ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় খোলার পরপরই আন্দোলন জোরদার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 'নির্যাতনবিরোধী ছাত্র-ছাত্রীবৃন্দ'র ব্যানারে প্রতিদিনই তারা বিভিন্ন কর্মসূূচি পালন করছে। কর্মসূুচি পালন করছেন শিক্ষকরাও। এরই মধ্যে ১৩ জানুয়ারি শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দি শিক্ষক ও শিক্ষার্থীরা মঙ্গলবার রায়ের পরপরই মুক্তি পাবেন। সোমবারের মধ্যেই আইনি প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার রায় হবে জানিয়ে তিনি বলেছিলেন, "এরপর তাদের মুক্তি এবং শিক্ষকদের চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করা হবে।" ওই দিনই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ জানান, সরকার কারাবন্দি ছাত্র-শিক্ষকদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। এদিকে জরুরি বিধিমালা ভঙ্গের অভিযোগে চার শিক্ষক ও ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে শাহবাগ থানায় ২১ আগস্ট দায়ের করা একটি মামলার (নং ৫৪) শুনানি মঙ্গলবার সকাল সোয়া ১১টায় শুরু হয় ঢাকার ৩ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর ও দ্রুতবিচার হাকিম মো. গোলাম রাব্বানীর আদালতে। অধ্যাপক হারুনুর রশীদ, অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক এবং শিক্ষার্থী মনিরুজ্জামান সর্দার রুবেলকে এর আগেই কারাগার থেকে আদালতে আনা হয়। এদিন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সিরাজুল ইসলামকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। জেরার পর বিচারক গোলাম রব্বানী বুধবার এ মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন ও যুক্ততর্কের দিন ধার্য করেন। ড. হারুন অর রশিদের আইনজীবী শফিউল বশর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষকরা কোনও অনুকম্পায় মুক্তি পেতে চান না। যেহেতু মামলা দুটি প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদালতে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় কোনও আবেদন এখনও করা হয়নি। তাই মামলার বিচার কাজ আইন অনুযায়ী চলবে।" ড. সদরুল আমিনের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, "সরকার খুব সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রায় দেখতে চান। কিন্তু শিক্ষকরা সরকারের কাছে ক্ষমা চাইবে না।" গত ১১ ডিসেম্বর হাকিম গোলাম রাব্বানীর আদালতে ৫৪ নম্বর মামলার অভিযোগ গঠন হয়। পরদিন হাকিম হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতে অপর মামলার অভিযোগ গঠন হয়। দুই মামলায়ই অভিযুক্ত করা হয় চার শিক্ষক ও ১৫ শিক্ষার্থীকে। এদের মধ্যে অভিযুক্ত ১৪ শিক্ষার্থী পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেএফ/এমআই/এমএইচবি/১৯৪১ ঘ.