২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন কলেজগুলোতেও ক্লাস নেবেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন থেকে শুধু দাপ্তরিক কাজ নয়, কলেজগুলোতে নিয়মিত ক্লাস নেবেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

গাজীপুর, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন থেকে শুধু দাপ্তরিক কাজ নয়, কলেজগুলোতে নিয়মিত ক্লাস নেবেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার থেকে নতুন এ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক রাজধানী ও গাজীপুরের ছয়টি কলেজে ক্লাস নিয়েছেন। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে উপাচার্য বলেন, প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়া সরল ও সংক্ষিপ্ত করা হয়েছে। এখন থেকে পরীক্ষা কমিটির সভাপতি নিজ হাতে পরীক্ষা নিয়ন্ত্রককে প্রশ্নপত্র দেবেন। পরীক্ষা নিয়ন্ত্রক নিজে সরকারি ছাপাখানায় তা দিয়ে আসবেন। রাশিদুল হাসান জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে বলা আছে, তারা দাপ্তরিক কাজ ছাড়াও অধিভুক্ত কলেজে শিক্ষার মান দেখভাল করবেন। সে অনুযায়ী এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রাজধানী ও আশপাশের কলেজে নিয়মিত ক্লাস নেবেন বলে উপাচার্য জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ৮০ জন শিক্ষকের মধ্যে ৩৭ জন শিক্ষক কলেজগুলোতে পাঠদানে ইতোমধ্যে রাজি হয়েছেন। আশা করছি, অবশিষ্ট শিক্ষকরা রাজি হবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৫১ ঘ.