'অহিংস-অসহযোগ আন্দোলন' এর ঘোষণা দিল রাবি শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কারাবন্দি ১০ শিক্ষার্থী ও এক কর্মচারীর মুক্তির দাবিতে বুধবার থেকে অহিংস-অসহযোগ আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের 'কর্তৃত্ব-বিরোধী শিক্ষার্থীবৃন্দ'। আটক ছাত্র-কর্মচারীর মুক্তির জন্য সরকারকে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ায় ওই সংগঠনের ব্যানারে শিক্ষার্থীরা মঙ্গলবার সমাবেশ করে আন্দোলনের নতুন এ কর্মসূচি দেয়। একই দাবিতে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে ক্যাম্পাসে মৌন মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
